বালুরঘাট: বাবা ও ছেলে দুজনেই দৃষ্টিহীন। ভাঙাচোরা ঘরে চরম অনিশ্চয়তায় দিন কাটান তাঁরা। প্রশাসনের তরফ থেকে আবাস যোজনায় ঘরের ব্যবস্থা হয়েছে (Awas Yojana)। কিন্তু ঘর নির্মাণে বাধা দিচ্ছেন এক নিকট আত্মীয় তথা স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ, কাটমানি (Extortion) দিতে না পারায় মিলছে না মাথার ছাদ।
হরিরামপুরের (Harirampur) বোড়া গ্রামের বাসিন্দা সবারক হোসেন (৪৮) ও তাঁর ছেলে সোহেব আখতার। তাঁদের অভিযোগ, আবাসের ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা কাটমানি দাবি করেছিলেন ওই তৃণমূল নেতা। সেই টাকা দিতে না পারায় গত ছ’মাস ধরে আটকে রয়েছে ঘর তৈরির কাজ। কাজ শুরু করতে গেলেই শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে বলে অভিযোগ।
বর্তমানে ভাঙা রান্নাঘর ও অকেজো শৌচাগার নিয়ে বর্ষার দিনে চরম দুর্ভোগে দিন কাটছে এই প্রতিবন্ধী পরিবারের। স্থানীয়ভাবে কোনও সুবিচার না পেয়ে শেষ পর্যন্ত বুধবার সরাসরি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন তাঁরা। দ্রুত ঘর তৈরির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন বাবা-ছেলে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

