উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিনের হানঝৌতে (Hangzhou) চলছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ (Rifle/Pistol/Shotgun)। আর এই টুর্নামেন্টের মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে দেশের হয়ে জোড়া পদক নিশ্চিত করলেন ভারতের দুই তারকা শুটার এশা সিং ও মনু ভাকের। তীব্র প্রতিযোগিতাপূর্ণ ফাইনালে দুর্দান্ত খেলায় সোনা জিতে নিলেন ২১ বছর বয়সি উদীয়মান শুটার এশা সিং। অন্যদিকে, প্যারিস অলিম্পিকের পদকজয়ী তারকা মনু ভাকের ব্রোঞ্জ পদক জয় করে পডিয়াম ফিনিশ সম্পূর্ণ করলেন।
এদিন ফাইনাল ম্যাচে শুরু থেকেই নিজের আধিপত্য বজায় রাখেন এশা সিং (Esha Singh)। নিখুঁত নিশানায় একের পর এক টার্গেট ভেদ করে তিনি মোট ৪০টি হিট নিয়ে সোনা নিজের নামে করেন। অন্যদিকে, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ফাইনালে জমজমাট লড়াই চালান প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের। স্নায়ুর লড়াইয়ে টিকিয়ে থাকার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ শুট-আউট জিতে ২৮টি হিট সংগ্রহ করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি। ভারতের এই দুই তারকার যুগলবন্দি পদক জয় দেশের ক্রীড়ামহলে আনন্দের জোয়ার এনেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শুটারদের এই সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
The publish Hangzhou | আইএসএসএফ বিশ্বকাপ: হানঝৌতে সোনা জয় এশা সিংয়ের, ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের appeared first on Uttarbanga Sambad.
