উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রায়গঞ্জে প্রশাসনিক সভা থেকে চোপড়ার বিধায়ক (Chopra MLA) হামিদুল রহমানের (Hamidul Rahman) নাম না করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার পুলিশকে তিনি হামিদুলের বিরুদ্ধে থাকা সমস্ত পুরোনো মামলা নতুন করে খোলার নির্দেশ দেন। পাশাপাশি, ‘সনাতনীদের’ দখল হয়ে যাওয়া জমি উদ্ধারেরও আশ্বাস দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘চোপড়ার কুখ্যাত গুন্ডা, মাফিয়া বিধায়ক তার বিরুদ্ধে যত মামলা আছে রিওপেন করবেন, যারা জমি লুট করেছে, তা উদ্ধার করতে হবে।’ একুশের নির্বাচনের পর হওয়া অত্যাচারের ঘটনায় নতুন করে এফআইআর দায়েরেরও আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই বার্তার পাল্টা জবাব দিয়েছেন হামিদুলও। তিনি বলেন, ‘উনি মুখ্যমন্ত্রী, বলতেই পারেন। কী ফাইল খুলবে খুলুক, কে মাফিয়াগিরি করেছে তা মানুষ জানে।’
উল্লেখ্য রাজ্যে পালাবদলের পর ঋতব্রত শিবিরের ঘনিষ্ঠ হয়েছেন হামিদুল রহমান। কিন্তু গতকালই তিনি ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেত্রী। এবং তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তারপরই শুভেন্দু অধিকারির এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
The submit Hamidul Rahman | ‘কুখ্যাত মাফিয়া বিধায়ক’, রায়গঞ্জের সভা থেকে হামিদুলের বিরুদ্ধে সব পুরোনো মামলা খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.
