শিলিগুড়ি: পাহাড়ের উচ্চতায় ট্রেকিং করতে গিয়ে একের পর এক পর্যটকের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর নিরাপত্তার পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সান্দাকফু (Sandakphu Trek) এবং ফালুটে ট্রেকিং শুরু করার পূর্বে এবার থেকে পর্যটকদের শারীরিক সক্ষমতা যাচাই এবং হেলথ ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে পাহাড়ের উচ্চতায় গিয়ে কোনো পর্যটক আকস্মিক শারীরিক জটিলতার মুখে না পড়েন।
এই বিষয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh) জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (CMOH) প্রয়োজনীয় সব নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে ট্রেকিংয়ে যাওয়ার আগে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শারীরিকভাবে সক্ষম হওয়ার শংসাপত্র নিয়েই যাতে পর্যটকরা ট্রেকিংয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, অনেকেই পাহাড়ের প্রতি ভালোবাসা থেকে ট্রেকিং করতে যান। কিন্তু বাইরে থেকে দেখে অনেক সময় তাঁদের শারীরিক সমস্যা বোঝা সম্ভব হয় না। উচ্চতায় ওঠার পর সেই সমস্যা প্রকট হয়ে ওঠে, যা কখনও কখনও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে।
উল্লেখ্য, সান্দাকফু ও ফালুটের দীর্ঘ ও কঠিন রুটে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, হাড় কাঁপানো তীব্র ঠান্ডা এবং জরুরি পরিস্থিতিতে উন্নত চিকিৎসা পরিষেবার সীমিত সুযোগ পর্যটকদের জীবনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। পর্যটনমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে এই স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক বন্দোবস্ত ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং আগামীদিনে এটিকে একটি সুসংহত স্থায়ী পরিকাঠামোর রূপ দেওয়ার কাজ চলছে। প্রশাসনের এই সময়োপযোগী ও কড়া পদক্ষেপ কার্যকর হলে ভবিষ্যতে সান্দাকফু-ফালুট রুটে ট্রেকিং অভিযান আরও অনেক বেশি নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে বলেই ওয়াকিবহাল মহলের আশা।

