Haldibari | ফর্ম বিলিতে নিয়মভঙ্গ! অনিয়মে একই বৃন্তে দুই ফুল

Haldibari | ফর্ম বিলিতে নিয়মভঙ্গ! অনিয়মে একই বৃন্তে দুই ফুল

ভিডিও/VIDEO
Spread the love


হলদিবাড়ি: ‌নির্বাচন কমিশনের নিয়ম না মেনে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল হলদিবাড়িতে। কোথাও তৃণমূলের সহায়তা শিবিরে বসে ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিজেপির উপপ্রধানের বাড়ি থেকে ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ।

এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর নিয়ে প্রতিদিন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে। ঘাসফুল শিবিরের বক্তব্য, তারা একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ যেতে দেবে না। অন্যদিকে, পদ্ম শিবির অনুপ্রবেশের ইস্যুতে প্রতিদিন বিঁধছে শাসকদলকে। এই উত্তপ্ত আবহে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগে সরগরম হলদিবাড়ি।

শাসক এবং প্রধান বিরোধী দল এই নিয়ে একে অপরের দিকে বিষোদ্গার  করেছে। বিজেপির হলদিবাড়ি টাউন কমিটির সভাপতি প্রদীপ সরকার অভিযোগের সুরে  বলেন, ‘তৃণমূলের ব্যানার টাঙিয়ে শিবির খোলা হয়েছে বিভিন্ন জায়গায়। বিএলও-রা ভোটারদের বাড়ি না গিয়ে সেখানে বসে ফর্ম বিলি করছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো সেই ব্যানারে বাংলার ভোট রক্ষা শিবির লেখা আছে বলে প্রদীপ জানিয়েছেন। স্থানীয় তরুণ হামিক রায়ের কথায়, ‘শহরের বিভিন্ন জায়গায় বুথ বানিয়ে তৃণমূল পোস্টার লাগিয়ে জনগণকে প্রভাবিত করছে। সেখানে বসে ফর্ম বিলি চলছে। অথচ বিএলও-দের তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করার কথা।’

অন্যদিকে, তৃণমূলের যুব নেতা মানবেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, ‘দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান বলরাম সরকারের বাড়িতে বসে গত তিনদিন ধরে এনুমারেশন ফর্ম বিলি করছেন ১৫০ নম্বর বুথের বিএলও পার্থ মণ্ডল।’ এসব অভিযোগ নিয়ে প্রশ্ন করায় বিডিও রেনজি লামো শেরপা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’

তিনি কেন বিজেপির উপপ্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন এই প্রশ্ন করায় পার্থ বলেন, ‘এনুমারেশন ফর্ম দিতে উপপ্রধানের বাড়ি গিয়েছিলাম। ফর্ম দেওয়া শেষ হলে অন্য ভোটারদের বাড়িও যাব।’ এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মিঠু রায় বলেন, ‘একজনের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি হওয়ায় অনেকে জানতেই পারছেন না যে ফর্ম দেওয়া হচ্ছে। আর বিজেপি নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হওয়ায় তৃণমূলের নেতা এবং সমর্থকরা ওই বাড়িতে ফর্ম নিতে যেতে চাইছেন না।’

আরেক বাসিন্দা আশুতোষ সরকার বলেন, ‘বিএলও সরকারি নির্দেশ অমান্য করেছেন। তাঁর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা। তা না করে তিনি একজন রাজনৈতিক দলের নেতার বাড়ি থেকে ফর্ম বিলি করছেন। প্রশাসনের উচিত এই বিষয়ে পদক্ষেপ করা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *