হলদিবাড়ি: পুরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। এমনকি পুরসভার সতর্কীকরণ পোস্টারের নীচেও ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধে নাক-মুখ ঢেকে পথ চলতে হচ্ছে মানুষকে। পুরসভার সেই পোস্টারেই উল্লেখ রয়েছে, এখানে আবর্জনা ফেলবেন না অন্যথা এক হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।
এবিষয়ে হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শংকরকুমার দাসের কথায়, ‘যত্রতত্র আবর্জনা ফেলতে পুর নাগরিক সহ ব্যবসায়ীদের নিষেধ করা হয়েছে। সতর্ক করতে পোস্টার লাগানো হয়েছে। তারপরও যে সমস্ত ব্যবসায়ী বা নাগরিক আবর্জনা ফেলবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে খুব তাড়াতাড়ি পুরসভা অভিযানে নামবে। মাইকেও প্রচার চালানো হবে।’
পুর নাগরিকদের একাংশের মতে, ডাস্টবিন নেই বলেই অনেক মানুষ আবর্জনা খোলা জায়গায় ফেলছেন। শহরের ব্যবসায়ী প্রবীর দাসের কথায়, ‘পুরসভার তরফে নিষেধ করেছে ঠিকই, কিন্তু আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই। তাই যত্রতত্র এমনকি রাস্তার উপর আবর্জনা জমে রয়েছে। জমা আবর্জনা থেকে রোগব্যাধির আশঙ্কা থাকলেও পেটের দায়ে ব্যবসা করতে হচ্ছে। রাতেই পুরসভার তরফে সেই আবর্জনা সংগ্রহ করা হয়।’
শহরের ট্রাফিক পয়েন্টের পূর্ব প্রান্তে মাছ বাজারের সামনের রাস্তায় আবর্জনা ফেলা হয়। বাজারের বিভিন্ন রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা। বাজার ছাড়াও পাড়ার রাস্তার পাশে রয়েছে আবর্জনা না ফেলার পুরসভার সতর্কীকরণ পোস্টার। পোস্টারের নীচে যথারীতি বিভিন্ন স্থানে স্তূপের আকারে আবর্জনা জমে রয়েছে।
বাজারে আগত জয়দীপ দাস বলছেন, ‘সন্ধ্যার পর বাজারের বিভিন্ন রাস্তায় আবর্জনা মাড়িয়ে চলতে হচ্ছে। দুর্গন্ধে নাক-মুখ ঢেকে সন্ধ্যাবেলা বাজারে আসতে হয়।’
The publish Haldibari | পাড়ায় পাড়ায় নিষেধাজ্ঞা বোর্ডের সামনেই আবর্জনা appeared first on Uttarbanga Sambad.
