উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি আমরা বাজারের প্রসাধনীর ওপর ভরসা করি ঠিকই কিন্তু আদৌ কি তাতে কোনও লাভ হয়? পুজোর আগে চটজলদি চুল পড়ার (Hair fall) সমস্যা থেকে রেহাই পেতে পাশাপাশি চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ব্যবহার করুন ঘরোয়া এই তেলগুলি।
অ্যালোভেরা রূপচর্চায় এক এবং অদ্বিতীয়। চুলের যত্নেও অ্যালোভেরা দারুন কাজ করে। অ্যালোভেরা গাছের পাতা কেটে তা থেকে জেল বের করতে হবে। এরপর তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে গরম করে নেওয়ার পর ঠান্ডা হয়ে এলে ভালো ভাবে চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এতে চুল পড়ার (Hair fall) সমস্যা কমবে।
চুলের যত্নে জবা ফুলের জুড়ি মেলা ভার। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুলকে গোড়া থেকে মজবুত রাখে। আর এই জবা ফুল দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন তেল। কিছুটা নারকেল তেল, আধ কাপ আমন্ড তেল, কয়েকটি জবা পাতা ও ফুল একসঙ্গে মিশিয়ে নিয়ে ৩-৫ মিনিট গরম করে নিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর ছেঁকে একটি পাত্রে রেখে দিয়ে শাম্পু করার আগে বা সপ্তাহে যে কোনও দিন ব্যবহার করতে পারেন।
মেথি চুলের যত্নে গুরুত্বপূর্ণ একটি উপাদান। পুজোর আগে চুলকে সুস্থ ও সতেজ করতে চাইলে হেঁশেলে থাকা মেথি দানা ১-২ চামচ, নারকেল তেল আধ কাপ, একটা জবা ফুলের পাপড়ি, কালোজিরে, কারিপাতা একসঙ্গে ফুটিয়ে নিন। ফুটে গেলে তা ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ভরে রেখে দিন। রাতে অথবা শ্যাম্পু করার ঘন্টা দুই আগে প্রয়োজনমতো এই তেল গরম করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিন। পড়ে শ্যাম্পু করে ফেলুন। চুলে অন্য এক উজ্জ্বলতা দেখতে পাবেন।
