উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে জোরালো আইনি ও রাজনৈতিক সংকট তৈরি হলো। কেরল সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ২০০৬ সালের একটি পুরনো দুর্নীতির ও আত্মহত্যার প্ররোচনা মামলার ফের তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। কেরলের পূর্ত দপ্তরের সচিব থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং এক মালয়েশীয় নাগরিকের আত্মহত্যার ঘটনায় নাম জড়ানোর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত বিতর্ক এবং বিরোধীদের ইস্তফার দাবির মাঝে কেরল সরকারের এই পদক্ষেপে নতুন করে অস্বস্তিতে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
২০০৬ সালে কেরলমের স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের (কেএসটিপি) আওতায় এমসি রোডের উন্নয়ন প্রকল্পে ভারত ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কাজ চলছিল। ওই প্রকল্পের ম্যানেজার তথা মালয়েশিয়ার সিভিল ইঞ্জিনিয়ার লি সি বিন সে সময় আত্মহত্যা করেছিলেন। অভিযোগ ছিল, সুসাইড নোটে তৎকালীন পূর্ত দপ্তরের সচিব জ্ঞানেশ কুমারের নাম লিখে গিয়েছিলেন ওই ইঞ্জিনিয়ার। সে সময় তদন্ত শুরু হলেও প্রভাবশালী মহলের প্রভাবে তা মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি কংগ্রেস নেতা মালয়ানকীজ়ু বেণুগোপাল নতুন করে অভিযোগ দায়ের করার পর, কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোর ডিরেক্টরকে মামলার ফের তদন্ত শুরু এবং এর নেপথ্যে কোনো বহিরাগত প্রভাব ছিল কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এছাড়া ঠিকাদারদের সরকারি কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে অপরাধমূলক আচরণের অভিযোগও খতিয়ে দেখা হবে।
সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR)-কে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জ্ঞানেশ কুমার। অভিযোগ উঠেছে, অন্য দুই নির্বাচন কমিশনারের আপত্তি ও আইনি ধমক উপেক্ষা করেই এসআইআর সংক্রান্ত একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ১০ মাসে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন বলে খবর। এই ঘটনার পরেই ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনের জেরে জ্ঞানেশের পদত্যাগের দাবি আরও জোরালো হয়। দেশজুড়ে তরুণ প্রজন্ম ও বিরোধী রাজনৈতিক শিবির তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) ইতিমধ্যেই ঘোষণা করেছে যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলন ও বিক্ষোভ দেখানো হবে।
২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ১৬ নম্বর ধারা অনুযায়ী, সরকারি দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। তবে কেরল সরকার যে মামলার তদন্ত পুনরায় শুরু করছে, তা তাঁর নির্বাচন কমিশনার পদের কার্যকালের নয়, বরং ২০০৬ সালে কেরল পূর্ত দপ্তরের সচিব থাকাকালীন সময়ের। সব মিলিয়ে, আইনি জট এবং রাজনৈতিক চাপের জেরে বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড কোণঠাসা অবস্থায় পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

