গোয়ালপোখর: উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় এক ব্যক্তির গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে সাহাপুর এলাকার একটি ভুট্টার জমি থেকে শ্রীপতি বনিক (৬৫) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় (Goalpokhar Homicide Case)। মৃতের বাড়ি স্থানীয় হাট ডুবকল এলাকায়।
পরিবার ও পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, শ্রীপতিবাবু বুধবার রাতে বাড়িতেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে নিজের জমির পাশে একটি ভুট্টার খেতে তাঁর নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, অত্যন্ত নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলার নলি কেটে খুন করা হয়েছে। ঘটনার খবর চাউর হতেই শয়ে শয়ে মানুষ এলাকায় ভিড় জমান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) পাঠানো হয়েছে। তবে প্রৌঢ়কে ঠিক কী কারণে এবং কারা খুন করল, তা নিয়ে ধন্দে রয়েছে তাঁর পরিবার। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ— তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ভরদুপুরে এমন খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
