গঙ্গারামপুর: চিকিৎসায় গাফিলতির জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতাল (Gangarampur hospital)। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই আকস্মিক ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মৃতের নাম সুজয় সরকার (৪০)। তিনি শিলিগুড়ির রাঙাপানি এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, বুধবার শিলিগুড়ি থেকে ট্রেনে চেপে গঙ্গারামপুরে শ্বশুরবাড়িতে আসার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাঁকে দ্রুত গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের দাবি, বুধবার রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে রক্তের প্রয়োজন বলে জানানো হয়। পরিবারের তরফ থেকে সঙ্গে সঙ্গেই রক্তের ব্যবস্থা করা হয়। কিন্তু বৃহস্পতিবার দুপুরে হঠাৎই রোগীর মৃত্যুর খবর জানানো হয়। মৃতের শ্বশুর কৃষ্ণ সরকারের অভিযোগ, জামাইয়ের শারীরিক অবস্থা কেমন রয়েছে কিংবা তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও রেফার করা হবে কি না— সে বিষয়ে বারবার জানতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি। সরাসরি চিকিৎসকের গাফিলতির ফলেই তাঁর জামাই মারা গিয়েছেন বলে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন তিনি।
একই ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের স্ত্রী অর্পিতা সরকার। কোলে সাত মাসের শিশুসন্তানকে নিয়ে এখন অথৈ জলে পড়েছেন তিনি। তাঁর অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। রোগীর শারীরিক অবস্থা যে এতটা আশঙ্কাজনক, তা আগে জানানো হলে তাঁরা অন্য কোনো উন্নত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতেন। যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপরই চরম ক্ষোভে হাসপাতালের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে গঙ্গারামপুর থানার পুলিশ (Gangarampur Police) ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

