গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুরে (Gangarampur) ব্রাউন সুগার, একটি দেশি আগ্নেয়াস্ত্র (Arms) ও এক রাউন্ড কার্তুজ-সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে গঙ্গারামপুর থানার পুলিশ সীমান্তবর্তী দোমুঠা ফরিদপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় পিংকী খাতুন (৩২)-এর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপর আরও তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই পিংকী খাতুনকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুর ২টো নাগাদ তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্রের উৎস, পাশাপাশি কোনও মাদক পাচারচক্র বা অস্ত্র পাচারচক্রের সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

