শিলিগুড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। সোমবার সকালে ফুলবাড়ি এলাকার কাশীরামজোতে ঘাতক ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় (Fulbari Street Accident)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃত যুবকদের নাম কৃষ্ণ হালদার (২৪) ও মিন্টু শীল (২০)। তাঁরা দুজনেই ফুলবাড়ি অঞ্চলের কাশীরামজোতের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সোমবার সকালে স্কুটিতে চড়ে স্থানীয় একটি চানাচুর কারখানায় কাজে যাচ্ছিলেন তাঁরা। পথে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দুই যুবকই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক পলাতক। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

