Fulbari | ফুলবাড়িতে উলটপুরাণ! তৃণমূলের ১২ সদস্যের সমর্থনে গ্রাম পঞ্চায়েত দখল বিজেপি-র

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: উত্তরবঙ্গের রাজনীতিতে ফের বড়সড়ো রদবদল। রাজনৈতিক সমীকরণের আকস্মিক মোড় ঘুরিয়ে ফুলবাড়ি (Fulbari) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) (BJP)। এতদিন যে পঞ্চায়েত সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের (TMC) খাসতালুক ছিল, সেই শক্তিশালী ঘাঁটিতেই বড় ধস নামল। ঘাসফুল শিবিরের ১২ জন পঞ্চায়েত সদস্যের প্রত্যক্ষ সমর্থনে এই গ্রাম পঞ্চায়েতের শাসনক্ষমতা হাতবদল হয়ে চলে গেল গেরুয়া শিবিরের দখলে।

৩০ আসন বিশিষ্ট ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনীতির অন্দরে দীর্ঘদিন ধরেই জলঘোলা হচ্ছিল। ৩০টি আসনের মধ্যে এতদিন এককভাবে ২৪টি আসন দখল করে ক্ষমতা ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত দখলে আসতে প্রয়োজন ছিল ১৬ জন সদস্যের সমর্থন। বিজেপির দলগত সদস্য সংখ্যার সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ ১২ জন সদস্য হাত মেলানোয় সমর্থন গিয়ে পৌঁছায় ১৮-তে। ফলে অনায়াসে ম্যাজিক ফিগার অতিক্রম করে বোর্ড গঠন করে বিজেপি।

ভোটাভুটির পর আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপির দয়াল রায়। একই সঙ্গে উপপ্রধান পদে আসীন হয়েছেন আন্না সরকার। পঞ্চায়েত হাতবদলের আইনি প্রক্রিয়া সম্পন্ন হতেই এলাকায় বিজয় উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। পঞ্চায়েত কার্যালয়ের সামনে গেরুয়া আবির উড়িয়ে এবং বাজি-পটকা ফাটিয়ে উৎসব পালন করেন তাঁরা। তবে যে ১২ জন তৃণমূল সদস্য দলের সিদ্ধান্ত তোয়াক্কা না করে বিজেপিকে সমর্থন জানালেন, তাঁরা সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত স্তরে এই ধরনের বড়সড়ো ভাঙন তৃণমূলের স্থানীয় সংগঠনের জন্য একটি বিরাট ধাক্কা। দলীয় অন্তর্দ্বন্দ্ব নাকি অন্য কোনো সমীকরণ কাজ করেছে নেপথ্যে— তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *