উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২২ ঘণ্টার টানা ম্যারাথন জেরা শেষে বীরভূমের (Birbhum) বোলপুর থেকে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন (Former Bodyguard Arrested)। বীরভূম জেলা পুলিশ বোলপুর বাইপাস সংলগ্ন সায়গলের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেপাজতে নেয়। তল্লাশির সময় সায়গলের ওই বাসভবন থেকে নগদ ১৩ লক্ষ টাকা, ৭৫০ গ্রামেরও বেশি সোনা এবং ৩০০-র বেশি নানা বেআইনি ও বিতর্কিত সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছে পুলিশ (Money, Gold Seized)। আজই তাঁকে বীরভূমের সিউড়ি আদালতে হাজির করা হচ্ছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মাধ্যমে পরিচালিত একটি বিপুল আর্থিক জালিয়াতির ঘটনার তদন্ত করতে গিয়েই সায়গলের নাম প্রকাশ্যে আসে। অভিযোগ, পাথর ও বালি পরিবহনকারী ট্রাকে জাল ডিসিআর (DCR) ব্যবহার করে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন টুলু মণ্ডল। বীরভূম জেলা পুলিশ এই রাজস্ব তছরুপের ঘটনার সুরাহা করতে প্রথমে টুলুর শ্যালকের আবাসন এলাকায় অভিযান চালায়। তবে সেখানে পৌঁছে তদন্তকারীরা সরাসরি তল্লাশি শুরু করেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ফ্ল্যাটে। এরপর দীর্ঘ ২২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে সায়গলকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গোরু পাচার মামলায় বেআইনি সম্পত্তি অর্জন ও আর্থিক তছরুপের অভিযোগে সিবিআই ও ইডি-র হাতে আগেও গ্রেপ্তার হয়েছিলেন সায়গল হোসেন। প্রায় আড়াই বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বোলপুরের এই ফ্ল্যাটেই বাস করছিলেন অনুব্রত মণ্ডলের এই প্রাক্তন দেহরক্ষী। জামিনে মুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই ফের বিপুল নগদ, সোনা ও শতশত দলিলসহ সায়গলের গ্রেপ্তারি বীরভূমের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

