সুস্মিতা গঙ্গোপাধ্যায়, নিউ জার্সি: রবিবারের চূড়ান্ত লড়াই (FIFA World Cup Ultimate 2026) শুরুর আগেই যেন প্রকৃতির সঙ্গে একদফা স্নায়ুযুদ্ধ লড়তে হল দুই দলকে। একদিকে আটলান্টায় ভয়ংকর বজ্রবিদ্যুৎ সহ ঝড়, অন্যদিকে নিউ জার্সিতে কানাডার দাবানলের বিষাক্ত ধোঁয়া। তবে যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির খবর হল, আটলান্টার দুর্যোগ কাটিয়ে নিউ জার্সিতে নিরাপদে পা রেখেছে আর্জেন্টিনা।
বুধবার ইংল্যান্ডকে হারানোর পর বৃহস্পতিবারই নিউ ইয়র্কে উড়ে আসার কথা ছিল লিওনেল স্কালোনির দলের। কিন্তু হঠাৎ করেই আটলান্টায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সমস্ত উড়ান বাতিল করা হয়। দীর্ঘক্ষণ আটলান্টাতেই আটকে থাকার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১১.৮ মিনিটে তাঁদের বিমান গন্তব্যে পৌঁছায়। আপাতত হিলটন শর্ট হিলস হোটেলে বেস ক্যাম্প করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দলের অধিনায়ক সহ গোটা স্কোয়াডকে দর্শকদের ভিড়ের হাত থেকে বাঁচাতে হোটেল চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছে স্থানীয় পুলিশ ও ফিফা। শুধুমাত্র ছাড়পত্র থাকা সংবাদমাধ্যম এবং হোটেলের কর্মীদেরই ভেতরে ঢোকার অনুমতি মিলেছে। আজ, শুক্রবার এবং শনিবার মরিস টাউনশিপের রেড বুল ট্রেনিং ফেসিলিটিতে শেষ মুহূর্তের কৌশল ঝালিয়ে নেবে আর্জেন্টিনা।
অন্যদিকে, স্পেনের লড়াইটা ছিল কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ার সঙ্গে। একদিন আগেই নিউ জার্সিতে পৌঁছে তারা ভেবেছিল, বাড়তি বিশ্রামের পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। কিন্তু গোটা উত্তর-পূর্ব আমেরিকার আকাশ এখন ঘন ধোঁয়ায় ঢাকা। পরিস্থিতি এতটাই খারাপ যে, সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। নিতান্ত প্রয়োজনে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই দমবন্ধ করা বিষাক্ত আবহাওয়ার মধ্যেই গথাম ট্রেনিং ফেসিলিটিতে খোলা আকাশের নীচে ঘাম ঝরিয়েছে স্প্যানিশ দল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীর্ষ স্তরের খেলোয়াড়রা অনুশীলনের সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শ্বাস নেন। এই দূষিত বাতাসে তাঁদের বাইরে অনুশীলন করাটা চরম বোকামি। এর বদলে শীতাতপ নিয়ন্ত্রিত কোনও ইন্ডোর স্টেডিয়াম বেছে নেওয়া উচিত ছিল। ফিফা বা স্প্যানিশ ফুটবল সংস্থা অবশ্য এই চরম ঝুঁকি নেওয়ার কারণ নিয়ে টুঁ শব্দটি করেনি।
আশার কথা একটাই, রবিবার বিকেল ৩টায় মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর আগে নিউ জার্সির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত ঝড় আর ধোঁয়ার যাবতীয় বাধা পেরিয়ে দুই দলই এখন মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।

