উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধসের (Farakka Railway Monitor Injury) মারাত্মক প্রভাব অব্যাহত রইল আজও। শনিবারও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবারও উত্তরবঙ্গ থেকে হাওড়া ও শিয়ালদহমুখী একাধিক দূরপাল্লার ও এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটির দিনেও চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার যে সমস্ত ট্রেন বাতিল রয়েছে:
১. গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস।
২. বামনহাট- শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।
৩. আলিপুরদুয়ার- শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
৪. হলদিবাড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল।
৫. বালুরঘাট- শিয়ালদা এক্সপ্রেস।
৬. নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস।
৭. জলপাইগুড়ি রোড- শিয়ালদহ হমসফর এক্সপ্রেস।
৮. রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস।
৯. যোগবানি-কলকাতা এক্সপ্রেস।
১০. কাটিহার-হাওড়া এক্সপ্রেস।
১১. রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।
১২. বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস।
১৩. নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস।
১৪. মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
১৫. নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন।
পাশাপাশি, শনিবার হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ‘আপ’ ট্রেনগুলি আদৌ চলবে কি না, সে বিষয়ে রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। তবে আজকেও রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যাঁদের টিকিট কাটা ছিল, ট্রেন বাতিল হওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তবে এই সুযোগে একশ্রেণির বেসরকারি বাস মালিক ও অপারেটরদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, শিলিগুড়িগামী বেসরকারি ভলভো বাসের ভাড়া স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার গুণ বাড়িয়ে তিন-চার হাজার টাকায় গিয়ে ঠেকেছে।
তবে এই সংকটজনক পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে ময়দানে নেমেছে সরকারি পরিবহন নিগমগুলি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) পক্ষ থেকে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে একাধিক অতিরিক্ত এসি ও নন-এসি বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে যাত্রীদের।

