ফালাকাটা: জাতীয় সড়ক চওড়া করার কাজ শুরু হতেই ধুলোর মারাত্মক দাপটে নাজেহাল অবস্থা ফালাকাটার একাধিক এলাকার (Falakata Freeway Blockade)। ঠিকমতো জল না দেওয়ার অভিযোগে শনিবার ক্ষুব্ধ এলাকাবাসী ফালাকাটার বালুরঘাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। দুপুর ১২টা নাগাদ শুরু হওয়া এই অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মহাসড়ক, আটকে পড়ে বহু যানবাহন ও কাজের কাজে যুক্ত ডাম্পারগুলি। পরবর্তীতে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের হস্তক্ষেপে জল দেওয়ার ব্যবস্থা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগেই ফালাকাটার বালুরঘাট, কদমতলা, আসাম মোড় ও রাইচেঙ্গা এলাকায় মহাসড়কের কাজ শুরু হয়। অভিযোগ, কাজের সুবিধার্থে দুই-তিন সপ্তাহ আগে পুরোনো রাস্তা সম্পূর্ণ খোদাই করে তুলে মাটি ফেলা হলেও গত কয়েক দিন ধরে কাজ বন্ধ রয়েছে। তার ওপর মাটি ও বালি বোঝাই ডাম্পারগুলি দ্রুত গতিতে যাতায়াত করায় গোটা এলাকা ধুলোর আস্তরণে ঢেকে যাচ্ছে। পথচলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের শ্বাস নেওয়াই দায় হয়ে উঠেছে।
বিক্ষোভকারীদের দাবি, ঠিকাদার সংস্থার তরফে প্রতিদিন নিয়মিত জল ছেটানো হচ্ছে না। কোনোদিন এক বেলা জল দেওয়া হলেও, কোনোদিন একেবারেই দেওয়া হয় না। ফলে বাধ্য হয়েই এদিন পথে নামতে হয়েছে তাঁদের। দুপুর ১টা পর্যন্ত চলে এই অবরোধ। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত একটি জলের ট্যাংকার এনে জল ছেটানোর ব্যবস্থা করে। এর পরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে দিনে অন্তত তিনবার নিয়মিত জল দেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা, অন্যথায় আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, নিয়মিতই জল ছেটানো হচ্ছে। তবে রোদের প্রখর তাপমাত্রার কারণে জল ছেটানোর অল্প সময়ের মধ্যেই তা শুকিয়ে ধুলো উড়তে শুরু করছে। তবুও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

