ফালাকাটা: ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের ধারে বেশ কিছু দুর্গাপুজো হয় (Falakata)। কিন্তু এবার রাস্তা সম্প্রসারণের কারণে এমনিতেই অনেক পুজো কমিটির জায়গা কমে গিয়েছে। তার মধ্যে শুক্রবার রাতের বৃষ্টিতে জমা জল নালা থেকে বের হতে পারেনি৷ এর ফলে বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা।
রাস্তা ঘেঁষেই রয়েছে মেজবিলের মাঠ। মহিলারা দুর্গাপুজো করেন সেখানে। শুক্রবার দিনেরবেলাতেও সেখানে পুজোর প্যান্ডেল তৈরির কাজ হয়েছে। তবে শনিবার সকালে দেখা যায় মাঠে হাঁটু সমান জল জমে রয়েছে। ফলে বন্ধ রয়েছে প্যান্ডেলের কাজ (Durga Puja Pandal)। এদিকে, আর আর দু’সপ্তাহ পরেই পুজো। তাই দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা।
অন্যদিকে, নিউ পলাশবাড়ি এলাকায় রাস্তা ঘেঁষে পঞ্চানন স্মৃতি সংঘের দুর্গাপুজো। রাস্তা সম্প্রসারণের কারণেই এই পুজো কমিটির জায়গা এমনিতেই অর্ধেক কমেছে। তার মধ্যে এদিন নির্মীয়মাণ প্যান্ডেলের তলায় জল জমে যায়। কিন্তু হাতে সময় কম। তাই ক্লাবের তৎপরতায় জলের মধ্যে দাঁড়িয়েই প্যান্ডেলের কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। জল, কাদা জমেছে পলাশবাড়ির ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনেও। সেখানেও শ্রমিকদের প্যান্ডেলের কাজ করতে দেখা যায়৷ তবে প্যান্ডেলের সামনে রাস্তায় রেইনকাট হওয়ায় এদিন নিউ রোডের কিশোর সংঘের পুজো মন্ডপের কাজ হয়নি। এরকম আরও অনেক পুজো কমিটিই মহাসড়ক ও বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছে। সময়ের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ করা নিয়েও কমিটিগুলির মধ্যে সংশয় তৈরি হয়েছে।
