ফালাকাটা: তৃণমূল কংগ্রেসের পূর্ববর্তী আমলে ব্লকে ব্লকে কৃষক বাজার তৈরি হলেও তার বেশিরভাগই পড়েছিল অচল ও অব্যবহৃত অবস্থায়। এবার সেই অচল হয়ে থাকা কৃষক বাজারগুলিকে ঘুরপথে সচল করতে বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়ার বড়সড় পদক্ষেপ করল সরকার। রবিবার ফালাকাটা (Falakata) কৃষক বাজার পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সরকারের এই সিদ্ধান্তে কৃষক বাজারের বেসরকারীকরণের ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সরকারের এই নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম।
রবিবার ফালাকাটা কৃষক বাজারে আসেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন কৃষিজ (Agriculture) বিপণন দপ্তরের রাজ্য সচিব অভিনব চন্দ্রা,আলিপুরদুয়ারের জেলা শাসক ময়ূরী ভাসু,আরএমসির জেলা সচিব দেবরাজ সরকার। তবে সাংসদ মনোজ টিগগা ও শিক্ষামন্ত্রী তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, অতীতে মডেল কৃষক বাজারের তকমা পেলেও ফালাকাটা বাজারে জঞ্জাল, বেহাল নিকাশি নালা এবং পর্যাপ্ত শেডঘরের অভাবের মতো একাধিক সমস্যা রয়েছে। খোলা আকাশের নিচে কৃষকদের পণ্য বিক্রি করতে হয় এবং অনেক সময় ফসলের সঠিক দামও পান না তাঁরা। এই সমস্ত স্থানীয় সমস্যা নিয়ে মন্ত্রীকে সেভাবে কিছু বলতে শোনা না গেলেও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। মন্ত্রী জানান, আলুর কোল্ড স্টোরেজ থাকলেও অন্য সবজির স্টোরেজ নেই। চাষিরা যাতে সব ফসলের দাম পান, সেজন্য সেরকম মাল্টি-স্টোরেজ তৈরি করা হবে। এছাড়া ফালাকাটা থেকে ভুটান ও ভিনরাজ্যে সবজি রপ্তানি ব্যবস্থাকে আরও চাঙ্গা করার কথাও জানান তিনি।
রাজ্যের সমস্ত কৃষক বাজারের বেহাল দশা নিয়ে মুখ খুলে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, রাজ্যে মোট ১৮৬টি কৃষক বাজার রয়েছে, যার বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে। এই প্রসঙ্গে তিনি জানান:
- বেসরকারি সংস্থাকে লিজ: যে সমস্ত কোম্পানি ব্যবসা করতে ইচ্ছুক, তাদের আহ্বান জানানো হয়েছে। ফুড প্রসেসিং, আম থেকে আচার বা আলুর চিপস তৈরির মতো কাজের জন্য সম্পূর্ণ কৃষক বাজার বেসরকারি সংস্থাকে ভাড়ায় বা লিজে দিয়ে দেওয়া হবে। আগামী দুমাসের মধ্যে ব্যবসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
- সুপার মার্কেট রূপান্তর: রাজ্যের প্রায় ৫০টি কৃষক বাজারকে সুপার মার্কেট হিসেবে গড়ে তোলা হবে। যেখানে বাজারের পাশাপাশি স্টল, হলঘর, থাকার হোটেল এবং রেস্তোরাঁ সহ সমস্ত আধুনিক পরিকাঠামো থাকবে।

