Virat Kohli | টানা দুই ম্যাচে শূন্য, তবুও চনমনে মেজাজ! আরসিবি ড্রেসিংরুমে হাসি থামছে না কোহলির

Virat Kohli | টানা দুই ম্যাচে শূন্য, তবুও চনমনে মেজাজ! আরসিবি ড্রেসিংরুমে হাসি থামছে না কোহলির

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলে পরপর দুই ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। লখনউয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খাতা খুলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু নিজের এই অফ-ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন কিং কোহলি। বরং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে নিজের পারফরম্যান্স নিয়ে নিজেই রসিকতা করে দলের পরিবেশ হালকা রাখলেন তিনি। আরসিবি-র পোস্ট করা একটি ভিডিওতে বিরাটের এই ‘কুল’ অবতার এখন নেটপাড়ায় ভাইরাল।

মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর সাজঘরে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলিকে অনুরোধ করেন দলের উদ্দেশে কিছু বলতে। সেই সময় হাসি মুখে কোহলি বলেন, “আজকের ম্যাচে অবশেষে আমাকে কিছু করতে বলার জন্য তোমায় ধন্যবাদ।” বিরাটের এই রসিকতায় হাসির রোল ওঠে ড্রেসিংরুমে। নিজের রান না পাওয়াকে যে তিনি একদমই চাপে নিচ্ছেন না, বিরাটের শরীরী ভাষাতেই তা স্পষ্ট।

ব্যাটে রান না পেলেও দলের সতীর্থদের প্রশংসা করতে ভোলেননি কোহলি। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। কোহলির কথায়, “পাওয়ার প্লে-তে ভুবি অসাধারণ। এই মরসুমে যে ভাবে ও পরিকল্পনা কাজে লাগিয়েছে তা সচরাচর দেখা যায় না।” পাশাপাশি রোমারিয়ো শেফার্ডের আত্মবিশ্বাসী বোলিং নিয়েও দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। কোহলি মনে করেন, শেফার্ড আসায় দলের বোলিং বিকল্প অনেক শক্তিশালী হয়েছে।

প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে গেলেও কোহলির নজর এখন ট্রফিতে। সতীর্থদের উদ্দীপ্ত করে তিনি বলেন, “চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের দল হিসেবে খেলতে হবে। এই মরিয়া মানসিকতাটাই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে হবে।” কেকেআর ম্যাচের আগে বিরাটের এই ভোকাল টনিক আরসিবি শিবিরকে কতটা চাঙ্গা করে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *