সামসী: ২০২৬ সালের হাই মাদ্রাসা পরীক্ষায় (Excessive Madrasah Resulit 2026) অভাবনীয় সাফল্য ছিনিয়ে নিল মালদার রতুয়া-১ ব্লকের বটতলা হাই মাদ্রাসার ছাত্রী রিফা আনজুম (Rifa Anjum)। ৮০০ নম্বরের মধ্যে ৭৭৭ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছে সে। রতুয়ার ভাদো গ্রামের এই মেধাবী কন্যার সাফল্যে এখন উৎসবের মেজাজ গোটা এলাকায়।
রিফার প্রাপ্ত নম্বরের তালিকাও তার মেধার পরিচয় দিচ্ছে। সে জীবন বিজ্ঞান ও ইতিহাসে ১০০-তে ১০০ পেয়েছে। এছাড়া অঙ্কে ৯৯, ভূগোলে ৯৮ এবং ইসলাম পরিচয়ে ৯৮ নম্বর পেয়েছে সে। বাংলায় ৯৬, ভৌত বিজ্ঞানে ৯৫, ঐচ্ছিক আরবীতে ৯২ এবং ইংরেজিতে ৯১ নম্বর পেয়ে মেধা তালিকায় নিজের জায়গা নিশ্চিত করেছে রিফা। বটতলা হাই মাদ্রাসার ছাত্রী হলেও সে ছোটবেলা থেকেই ভাদো মুসলিম গার্লস মিশন নামক একটি আবাসিক প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে।
পরিবারের তৃতীয় সন্তান রিফার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল ছোট থেকেই। তার বাবা রফিকুল আলম একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং মা হাসনারা খাতুন গৃহবধূ। বড় ভাই পোস্ট অফিসে কর্মরত এবং বড় বোন সদ্য বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন। পরিবারের এই শিক্ষানুরাগী পরিবেশই রিফার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে। বর্তমানে সে কালিয়াচকের একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষিকা বা অধ্যাপক হয়ে সমাজসেবা করতে চায় সে।
সাফল্যের প্রতিক্রিয়ায় রিফা জানায়, “এই ফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া। বাবা-মা, শিক্ষক এবং মিশনের সকলের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।” মেয়ের সাফল্যে গর্বিত বাবা রফিকুল আলম বলেন, “ও ছোট থেকেই খুব মনোযোগী ছিল, আমরা শুধু ওকে উৎসাহ দিয়েছি।” মিশনের কর্ণধার জহরুল আলম জানান, রিফার এই সাফল্য গোটা রতুয়া এলাকার ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
