উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিলজলা থানা এলাকার তপসিয়ায় অগ্নিকাণ্ড (Topsia Unlawful Development) ঘটা সেই বিতর্কিত বেআইনি বহুতল ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। তবে এখনই সেখানকার কোনও বাসিন্দার পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে না। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শহরে বেআইনি নির্মাণ নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’ ছিল বলে শুনানিতে উল্লেখ করেছেন বিচারপতি। আগামী ২২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।
গত মঙ্গলবার তপসিয়ার ওই বহুতলের দোতলায় একটি চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লেগে দু’জনের মৃত্যু হয় এবং তিন জন গুরুতর জখম হন। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari) জানান, বহুতলটি সম্পূর্ণ বেআইনি এবং কোনও বিল্ডিং প্ল্যান ছাড়াই সেখানে অবৈধভাবে কারখানা চলছিল। এর পরেই মুখ্যমন্ত্রী সেটি ভেঙে ফেলার নির্দেশ দিলে কয়েক ঘণ্টার মধ্যে এলাকায় বুলডোজার পৌঁছে বাড়ি ভাঙার কাজ শুরু করে। সরকারের এই আকস্মিক পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা এবং বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। ততক্ষণে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছিল।
এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও নির্মাণই আইন না মেনে ভেঙে ফেলা যাবে না, সমস্ত কাজ আইন মেনেই করতে হবে। বিচারপতি বসুচৌধুরী নির্দেশ দেন, তিলজলার বহুতল ভাঙার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। তবে ওই ঠিকানায় এখন কোনও ব্যবসা করা যাবে না এবং কেউ সেখানে থাকতেও পারবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী, সেখানকার কোনও বাসিন্দা এখনই পুনর্বাসন পাবেন না এবং বহুতলের ভাঙা অংশ মেরামতও করা যাবে না। আপাতত ওই জায়গায় পুরোপুরি স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
