শিলিগুড়ি: দার্জিলিং ও কালিম্পং জেলার গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একটি বিশেষ পর্যালোচনা বৈঠক করল রাজ্য সরকার। শনিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের (Evaluate Assembly Dilip Ghosh) উপস্থিতিতে আবাস যোজনা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের গতি বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই এই ধরনের রিভিউ মিটিং করা হয়েছে এবং আগামী রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বৈঠক হওয়ার কথা রয়েছে। শিলিগুড়িতে অনুষ্ঠিত এদিনের বৈঠকে দপ্তরের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিভিন্ন ব্লকের বিডিওরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়নের জন্য সরকার বড় অঙ্কের বাজেট বরাদ্দ করলেও কর্মী সংকট এবং লাগাতার বৃষ্টির কারণে কিছু এলাকায় কাজের গতি কিছুটা শ্লথ হয়েছে। তবে সমস্ত বাধা সত্ত্বেও মানুষের উন্নয়নমূলক কাজ কোনোভাবেই আটকে থাকবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।
পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যের প্রায় ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিট বা নিরীক্ষা চালানো হবে। পাশাপাশি, পাহাড়ের জিটিএ-তে ওঠা দুর্নীতির অভিযোগগুলিও কঠোরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। পাহাড়ের অনেক জায়গায় কর্মীর অভাব এবং পঞ্চায়েত সভাপতি বা সদস্য না থাকায় উন্নয়নমূলক কাজে যে বিলম্ব ঘটছে, তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। এই বিষয়ে জিটিএ-র নতুন চেয়ারম্যানকে পাহাড়ের পঞ্চায়েত এলাকাগুলির সমস্যা ও প্রয়োজনীয়তার একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

