উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত আট বছর ধরে বিভিন্ন ম্যানেজমেন্ট ডিগ্রি ও স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সফলভাবে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে EIILM-Kolkata-র জলপাইগুড়ি ক্যাম্পাস। এবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত হল ‘রিটেক প্রাইম টেকনোলজি সলিউশন’-এর প্লেসমেন্ট ড্রাইভ (Placement Drive)।
শনিবারের এই প্লেসমেন্ট ড্রাইভে কলেজ পাস করা এবং এমবিএ বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রিটেক প্রাইম টেকনোলজি সলিউশন’-এর (Retech Prime Expertise Resolution) কো-ফাউন্ডার তথা চিফ স্ট্র্যাটেজি অফিসার অনির্বাণ ভট্টাচার্য, কো-ফাউন্ডার তথা চিফ টেকনোলজি অফিসার জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং কো-ফাউন্ডার তথা প্রেসিডেন্ট নির্মাল্য গুপ্তা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডঃ পি.কে পাল। এদিন কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়াদের উদ্দেশে তিনি বর্তমানের টেকনোলজি এবং পঠনপাঠন সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেন।
এদিন EIILM-Kolkata-র জলপাইগুড়ি ক্যাম্পাসের এমবিএ এবং বিসিএ বিভাগের মোট ৫ জন ছাত্রছাত্রী চাকরি পেয়েছেন প্লেসমেন্ট ড্রাইভে। এতে সন্তোষ প্রকাশ করেছেন জলপাইগুড়ি ক্যাম্পাসের কো-অর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী।
