অন্ডাল: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় চাঞ্চল্য ছড়াল। এদিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মী (Former ECL worker) দিলীপ মল্লিকের বাড়িতে হঠাৎ হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা (ED Raid)।
সূত্রের খবর, দিলীপ মল্লিকের পুত্র রাম মল্লিকের বাড়িতে এই অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র, সম্পত্তির খতিয়ান এবং বিভিন্ন ব্যাংক নথির খুঁটিনাটি খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র তাঁরা নিজেদের হেপাজতে নিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই অভিযানের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে ইডির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সম্ভবত কোনও আর্থিক অনিয়মের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে জোর জল্পনা এলাকায়।
সকাল থেকেই ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকার কৌতূহলী মানুষ ভিড় জমান। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা বাড়িটি ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকারী আধিকারিকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হতে অস্বীকার করেছেন। পরিস্থিতির উপর নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

