Arms Restoration Siliguri | ভোটের আগে শিলিগুড়িতে পুলিশের বিশেষ অভিযান! দার্জিলিং মোড়ে পিস্তলসহ গ্রেপ্তার যুবক

Arms Restoration Siliguri | ভোটের আগে শিলিগুড়িতে পুলিশের বিশেষ অভিযান! দার্জিলিং মোড়ে পিস্তলসহ গ্রেপ্তার যুবক

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শিলিগুড়ি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনের আগে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ এক বড়সড় অভিযানে নেমে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল (Arms Restoration Siliguri)। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে প্রধান নগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দার্জিলিং মোড় এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্রই সাদা পোশাকের পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয়। বেশ কিছুক্ষণ ওঁত পেতে থাকার পর ২৪ বছর বয়সী গোপাল কর্মকার নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।

পুলিশ ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। তল্লাশির সময় গোপালের কোমর থেকে একটি দেশি পিস্তল এবং পকেট থেকে একটি জীবন্ত কার্তুজ উদ্ধার হয়। কোনও বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে (Arms Act) মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্বাচনের আগে নাশকতা চালানো বা পাচারের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার পিছনে কোনও বড় আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রধান নগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবারই শিলিগুড়ি আদালতে তোলা হবে।

ভোটের আগে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ বর্তমানে ‘হাই অ্যালার্ট’-এ রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনেও এ ধরণের তল্লাশি অভিযান ও কড়াকড়ি জারি থাকবে। বিশেষ করে শহরের প্রবেশপথ ও ভিড় এলাকায় সাদা পোশাকের পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *