উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও ভূমিকম্পে (Earthquake) কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার দুপুর ৪ টে ৪১ মিনিট নাগাদ আচমকাই দুলে ওঠে সবকিছু। অতীতেও সেপ্টেম্বর মাসে একাধিক বার বড় ভূমিকম্পের নজির থাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে পড়েন। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে কম্পনের মাত্রা ছিল ৫.৯।
অসম সীমান্ত সংলগ্ন বাংলার আলিপুরদুয়ার জেলাতেও ভাল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে, এছাড়াও কোচবিহার, দিনহাটা, চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি জেলাজুড়ে ভূমিকম্প টের পাওয়া গেছে। দুই দিনাজপুর মালদাতেও কাঁপুনি অনুভব করেছেন মানুষ। মৃদু কম্পন টের পাওয়া গেছে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতেও। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও। সর্বত্রই মানুষ ঘর- দোকানপাট থেকে বের হয়ে আসেন। পুজোর মরশুমে বাজারগুলিতে ভাল ভিড় ছিল, চলছিল কেনাকাটা। কিছুক্ষণের জন্য সবকিছু থমকে যায়। শপিংমলগুলোতেও আতঙ্কের ছবি ধরা পড়ে।
