Durgapur | “দলের কেউ ফাঁসিয়েছে…”, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Durgapur | “দলের কেউ ফাঁসিয়েছে…”, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

খেলাধুলা/SPORTS
Spread the love


রাজা বন্দোপাধ্যায়,দুর্গাপুর: প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়কে গ্রেপ্তার করল পুলিশ। আর এই গ্রেপ্তারিকে কেন্দ্র করেই এখন সরগরম দুর্গাপুরের রাজনৈতিক মহল। ধৃত নেতার দাবি, তিনি তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই চক্রান্ত করে তাঁকে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই মানস রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল শিল্পাঞ্চলে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। তারপর থেকেই তাঁর দলবদল নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়। কিন্তু সেই জল্পনা সত্যি হওয়ার আগেই আচমকা তাঁর বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ সামনে আসে।

শুক্রবার আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর বিস্ফোরক দাবি, এই গ্রেপ্তারির নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।

মানস রায় স্পষ্ট ভাষায় বলেন, “দলের কেউ প্রভাব খাটিয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি। বিজেপিতে আমার যোগ দেওয়ার কথা ছিল। তার আগেই আমাকে গ্রেপ্তার করা হল।”

মানস রায়ের এই বিস্ফোরক দাবির পর দুর্গাপুরের রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার। অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে ওঠা প্রতারণা ও তোলাবাজির অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। আইনের পথেই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *