উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ লজ্জার হার হজম করে মাঠ ছাড়তে হল মোহনবাগানকে। অপরদিকে ৪-১ গোলের আনন্দে মেতে উঠল ইস্টবেঙ্গল শিবির। রবিবাসরীয় ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালের চিত্রটা ঠিক এইরকমই থেকে গেল আজ। প্রথমার্ধে খেলার রাশ কার্যত নিজেদের হাতেই রেখে দিয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ৪-১। খেলায় প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিনডিকা।
এদিন খেলার ১০ মিনিটেই বিপিন সিং-এর গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপরেই শুরু হয় এডমুন্ড ম্যাজিক। খেলার ১২ এবং ২২ মিনিটে গোল করে গোলের ব্যবধান ইস্টবেঙ্গলের পক্ষে ৩-০ করেন তিনি। মাঝে মনবির সিং-এর করা গোলে ব্যবধান কমায় সবুজ মেরুনরা (৩-১)। তবে এরপরেই ফের গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এডমুন্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জেলকোভিচের জায়গায় মিগুয়েলকে মাঠে নামান মোহনবাগান (Mohun Bagan) কোচ। তবে মোহনবাগানের রক্ষণের দুর্বলাতে সেকেন্ড হাফেও প্রকাশ পাচ্ছিল। খেলার ৬১ মিনিটের মাথায় আবারও খেলোয়াড় বদল করে মোহনবাগান। মাঠে নামেন সাহাল, কিয়ান ও টাংরি। এরপর খেলা যত এগিয়েছে গোলের সুযোগ মিস করেছেন দুদলেরই খেলোয়ারেরা। তবে মরিয়া চেষ্টা করার পরেও দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। শেষ পর্যন্ত খেলা শেষের বাজি বাজতেই আনন্দে মেতে ওঠেন লাল হলুদ সমর্থক তথা খেলোয়াড়েরা। অপরদিকে ৪-১ গোলের লজ্জার হার হজম করেই মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন শিবিরকে।

