উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুল্ক জুজুতে আটটি যুদ্ধ থামিয়েছি। ফের এমন দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাশাপশি বর্তমানে মার্কিন পন্য উৎপাদন বৃদ্ধির জন্য এই শুল্কনীতিরই অবদান বলে জানালেন তিনি। কারণ, আমদানি শুল্ক এড়াতে মার্কিন মুলুকে ফিরেছে সংস্থাগুলি।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, ভিসা নিয়ে কড়াকড়ির জেরে একজন বিদেশিও অবৈধ ভাবে আমেরিকায় (America) ঢোকেননি। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের।
ট্রাম্পের কথায়, ‘গত সাত মাসে আমাদের দেশে কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অনেকেই বলেছিল এমনটা সম্ভব না। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। আগের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের আইন পাশ করা উচিত। কিন্তু আদতে কোনও আইনের প্রয়োজন ছিল না।’
ট্রাম্প আরও বলেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি যুদ্ধ থামিয়েছি। তার মধ্যে ভারত-পাকিস্থানের যুদ্ধও রয়েছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। ট্রাম্পের বাণিজ্যচুক্তির হুমকি যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে প্রভাবিত করেছে, সেই দাবিও উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।
যদিও আগেও এমন বহুবার একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। এমনকী নোবেল শান্তি পুরস্কারের দাবি করছেন তিনি।
