তামিলনাড়ুতে প্রথমবার তৃতীয় বিকল্প শক্তি হিসাবে উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়তে চলেছে তারা। এই অবস্থায় দক্ষিণের রাজ্যের দীর্ঘ কয়েক দশকের দুই রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে এবং এআইডিএমকে গোপনে জোট বাঁধছে বলে খবর।
এআইডিএমকে সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যে ডিএমকের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। যদিও প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে এমকে স্ট্যালিনের বিদায়ী শাসক দল ডিএমকে পেয়েছে ৫৯টি আসন। অন্যদিকে ৪৭টি আসন পেয়েছে এআইডিএমকে। অর্থাৎ দুই দল একজোট হলে মোট আসন হবে ১০৬। তাতেও ক্ষমতায় আসা কঠিন। কারণ ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ‘ম্যাজিক সংখ্যা’ ১১৮। বাকি বারোটি আসন কীভাবে জুটবে?
আরও পড়ুন:
এদিকে অভিষেকে সেঞ্চরি করেও সরকার গড়ায় মৃদু সংকট দেখা দিয়েছে টিভিকের জন্য। শোনা গিয়েছিল, বৃহস্পতিবারই নতুন সরকার গঠন হবে তামিলনাড়ুতে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থলপতি বিজয়। কিন্তু সূত্রের খবর, বৃহস্পতিবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না দক্ষিণী সুপারস্টারের। কারণ টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। তাদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। এর পরেও সবমিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩ জন বিধায়ক। এখনও দরকার ৫ বিধায়কের সমর্থন।
আরও পড়ুন:
সূত্রের খবর, সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বিজয়। এআইডিএমকে ও ডিএমকে জোটও কী ছোট দলগুলির সঙ্গে কথা চালাচ্ছে? এই পরিস্তিতিতে তামিলনাড়ুর জট কবে কাটবে, কে সরকার গড়বে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
