প্রসেনজিৎ সাহা, দিনহাটা: একদিন আগেই চিনির দাম নিয়ন্ত্রণে দোকান এবং গোডাউনে অভিযান চালিয়েছিল প্রশাসন। ব্যবসায়ীদের পুরোনো দামে কেনা চিনি সেই অনুযায়ী লাভ রেখে বিক্রির নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযানের ২৪ ঘণ্টা পর বাজারের ছবি যে- কে-সেই! বুধবার সকালেও দিনহাটার (Dinhata sugar value) খুচরো বাজারে বাড়তি দামেই বিক্রি হল চিনি। প্রশাসনের অভিযানের পরও চিনির দাম কেন দাম কমল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের একদিনের অভিযান কোন কাজে এল, প্রশ্ন এলাকাবাসীর। এদিকে, ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারেই বেশি দামে চিনি কিনতে হচ্ছে। তাই খুচরো বাজারে দাম কমানো কঠিন।
গত কয়েকদিন ধরে চিনির দাম অনেকটাই বেড়েছে। সেটা নজরে রেখে কোচবিহার জেলাজুড়ে বিভিন্ন দোকান, গোডাউনে প্রশাসনের তরফে অভিযান চলছে। মঙ্গলবার দিনহাটায় (Dinhata) অভিযান চালান মহকুমা শাসক ভরত সিং, এসডিপিও প্রশান্ত দেবনাথ সহ অন্য আধিকারিকরা। ব্যবসায়ীদের বিল খতিয়ে দেখে আধিকারিকরা জানতে পারেন, অনেকের কাছেই পুরোনো দামে কেনা চিনি মজুত রয়েছে। অথচ তা বর্তমান বাজারদরে বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার পাইকারি বাজারে ৫৩ টাকায় কেনা এক কেজি চিনি ৬১ টাকায় বিক্রি হচ্ছিল। খুচরো বাজারে সেই দাম হয় ৬৩ টাকা। আধিকারিকরা বিষয়টি দেখে ব্যবসায়ীদের ধমকে যে দামে চিনি (Sugar) কেনা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি করার নির্দেশ দেন। এরপরই চিনির দাম কেজিতে আট টাকা কমিয়ে দেওয়া হয়। সেদিনের মতো স্বস্তি পান ক্রেতারা।
ছবিটা বদলে যায় ২৪ ঘণ্টার মধ্যেই। বুধবার দিনহাটার খুচরো বাজারে ‘ডবল এস’ অর্থাৎ ছোট দানার চিনির দাম ছিল কেজিপ্রতি ৬৫ টাকা। মঙ্গলবার এই ধরনের চিনির দাম ছিল ৬৩ টাকা। এদিন দাম আরও বেড়েছে। অন্যদিকে, এদিন ‘এম’ অর্থাৎ মাঝারি দানার চিনি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৬ থেকে ৬৭ টাকা দরে। ‘এল’ অর্থাৎ মোটা দানার চিনির দাম ছিল কেজিপ্রতি ৭০ টাকা। দিনহাটা শহরের বাসিন্দা পার্থ কুণ্ডুর কথায়, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিস, বিশেষ করে চিনির দাম যেভাবে বাড়ছে, তাতে মাসের খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে।’
চিনির দাম এত বেশি কেন নেওয়া হচ্ছে? ছোট ও মাঝারি ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি বাজারে তাঁদের নতুন দামেই চিনি কিনতে হচ্ছে। কম দামে চিনি কিনতে চাইলে অনেক সময় মহাজনরা নেই বলে দিচ্ছেন। ফলে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে তাঁদের লাভ বলতে কিছুই থাকবে না।
চিনির দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেছে প্রশাসন। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, ‘প্রশাসনের সঙ্গে মঙ্গলবারই আমাদের একটি বৈঠক হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যথাযথ দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির কথা জানানো হয়েছে। সংগঠনের তরফেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’ মহকুমা শাসক ভরত সিং-ও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।

