Dinhata | শহরবাসীর মন জানতে উদ্যোগ তৃণমূলের, গঠিত হচ্ছে ছোট কমিটি

Dinhata | শহরবাসীর মন জানতে উদ্যোগ তৃণমূলের, গঠিত হচ্ছে ছোট কমিটি

শিক্ষা
Spread the love


দিনহাটা:  ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ঘাসফুল শিবির কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। শহরের বাসিন্দাদের হালহকিকত জানতে আগেই তৃণমূল কোর কমিটি গড়েছিল। এবার শহরবাসীর ভোট সুনিশ্চিত করতে তারা ছোট ছোট কমিটি গড়ে দিতে চাইছে। এই ছোট কমিটির সদস্যরা ওয়ার্ডের বিভিন্ন বুথে ঘুরে শহরবাসীর মন জানবেন। কমিটিতে তিন-পাঁচজন করে সদস্য থাকবেন। তৃণমূল সূত্রে খবর, ১৬টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডে এই কমিটি গঠিত হয়েছে। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ‘এটা স্বীকার করতে দ্বিধা নেই, আমরা গত   নির্বাচনগুলিতে শহরে পিছিয়ে ছিলাম। তাই এবারের নির্বাচনে অন্য গ্রাম পঞ্চায়েতের চাইতে শহরের ভোট পাওয়া আমাদের কাছে চ্যালেঞ্জের। এবার শহরবাসীর মন পেতে আমরা ছোট ছোট দলে তাঁদের কাছে পৌঁছাতে চাইছি, যাতে পরিবারপিছু কর্মীরা বেশি সময় দিতে পারেন। ১৬টি ওয়ার্ডে নির্বাচন কমিটির পাশাপাশি বুথ কমিটি গড়ে তোলা হবে। সেইসঙ্গে থাকছে পাড়া কমিটি।’ তাঁর সংযোজন, ‘প্রতিটি কমিটিতে সর্বনিম্ন তিনজন ও সর্বোচ্চ চারজন সদস্য রাখা হয়েছে। যেসব ওয়ার্ডে কমিটি গঠিত হয়েছে সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দু’দিনের মধ্যে বাকি ওয়ার্ডে কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে।’

গত  বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন, শহরের ভোটে শাসকদল বরাবর পিছিয়ে থেকেছে। একাধিক উন্নয়নমূলক কাজের পরেও শহরবাসীর মন পেতে ব্যর্থ হয়েছে। সেজন্য এবার কোনও খামতি রাখতে চাইছে না তারা। আগেভাগে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে। বিগত ভোটগুলির পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, ২০২১ সালের বিধানসভা ভোটে নিশীথের সঙ্গে  প্রতিদ্বন্দ্বিতায় মাত্র ৫৭ ভোটে উদয়নকে পরাজয় স্বীকার করতে হয়। যেখানে পুরসভায় প্রায় ৭ হাজার ৭৭৭ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। যদিও পরে উপনির্বাচনে উদয়ন জয়লাভ করেন। ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল ভালো অবস্থানে থাকলেও পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ডে লিড পায়। সেখানে ভোটের নিরিখে তৃণমূল ২৪০০ ভোটে পিছিয়ে ছিল। ২০২৬ সালের বিধানসভা ভোটে সেই খরা কাটিয়ে লড়াইয়ে ফিরতে মরিয়া ঘাসফুল শিবির।

যদিও বিরোধীদের দাবি, শহরের মানুষ রাজনীতি বোঝেন। তাঁরা তাঁদের মূল্যবান ভোট কোনওভাবে অপচয় করতে চান না। সেজন্য তাঁরা শাসকদলের থেকে মুখ   ফিরিয়ে নিয়েছেন। বিজেপির কোচবিহার জেলা কমিটির সম্পাদক অজয় রায়ের কথায়, ‘দিনহাটা শহরের মানুষ আগেও  শাসকদলের বিরুদ্ধে রায় দিয়েছেন। এবারের ভোটেও তার প্রতিফলন হবে। তাই যতই কমিটি গড়ুক কোনও লাভ হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *