নয়াদিল্লি: ঘরে থাকা কিছু জরুরি ওষুধ যদি ব্যবহৃত না হয় বা সেগুলি ব্যবহারের মেয়াদ পেরিয়ে যায়, তাহলে তা কমোড বা বেসিনে ফেলে নষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিএসসিও)। এই তালিকায় আছে ফেন্টানিল, ট্রামাডল সহ কয়েকটি ব্যথানাশক এবং ডায়াজেপাম জাতীয় মানসিক উদ্বেগ কমানোর ওষুধ।
এমন অদ্ভুত ফরমান জারি করার উদ্দেশ্য কী? সংস্থার বক্তব্য, এই ওষুধগুলি যাঁদের জন্য নয়, তাঁদের হাতে পড়লে হিতে-বিপরীত হওয়া সমূহ সম্ভাবনা রয়েছে। এই ধরনের ওষুধ একবার পেটে গেলেই গুরুতর বিপদ বা মৃত্যুও হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির। তাই অব্যবহৃত বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় এগুলি বাড়িতে রাখা নিরাপদ নয়। বিশেষ করে শিশু বা পোষা প্রাণীদের জন্য তো বটেই। তাই এগুলি অবিলম্বে কমোড বা বেসিনে ফেলে দেওয়া উচিত।
তবে সব ওষুধই এভাবে ফেলার উপযুক্ত নয়। বেশিরভাগ সাধারণ ওষুধের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করার পরামর্শ দিয়েছে সংস্থা, যাতে পরিবেশ দূষণ না ঘটে। এর জন্য ‘ড্রাগ টেক ব্যাক’ কর্মসূচি শুরু করার প্রস্তাব দিয়েছে সিডিএসসিও। প্রথমে এই উদ্যোগ নিতে পারেন রাজ্যস্তরের ওষুধ নিয়ন্ত্রণ দপ্তর বা স্থানীয় ওষুধের দোকানদাররা। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাজ্য সরকারকে এই ব্যবস্থা নিয়মিত করার সুপারিশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকা প্রকাশের পিছনে বেশ কিছু গবেষণার তথ্যও রয়েছে। ২০১৮ সালে এইমসের চিকিৎসক টি ভেলপান্ডিয়ানের নেতৃত্বে একটি গবেষণায় দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়ায় দিল্লির যমুনা নদীর জল, ভূগর্ভস্থ জল এবং গাজিপুরের আবর্জনার স্তূপে ওষুধের কণার উপস্থিতি পাওয়া গিয়েছে। এতে জলদূষণ যেমন হচ্ছে, তেমনই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুও গড়ে উঠছে।
ম্যাক্স হেলথ কেয়ারের ফার্মাসি প্রধান দেবব্রত মজুমদার জানিয়েছেন, সরকার এই নিয়ম চালু করে প্রশংসনীয় কাজ করেছে। তারা এখন একটি পুস্তিকা তৈরি করছে, যেখানে রোগীদের বোঝানো হবে কীভাবে ওষুধ ফেলে দেওয়া উচিত।
অব্যবহৃত ও বিনাশযোগ্য ওষুধের তালিকা
১ ফেন্টানিল
২ ফেন্টানিল সিট্রেট
৩ মরফিন সালফেট
৪ বুপ্রেনরফিন
৫ বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইড
৬ মেথাইলফেনিডেট
৭ মেপেরিডিন হাইড্রোক্লোরাইড
৮ ডায়াজেপাম
৯ হাইড্রোমরফোন হাইড্রোক্লোরাইড
১০ মেথাডোন হাইড্রোক্লোরাইড
১১ হাইড্রোকোডোন বিটারট্রেট
১২ ট্যাপেন্টাডল
১৩ অক্সিমরফোন হাইড্রোক্লোরাইড
১৪ অক্সিকোডোন
১৫ অক্সিকোডোন হাইড্রোক্লোরাইড
১৬ সোডিয়াম অক্সিবেট
১৭ ট্রামাডল
