দিনহাটা: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে দিনহাটা-সাহেবগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের (Dinhata)। সোমবার সকালে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কাশিমবাজার এলাকায় পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীর অভিযোগ, কাশিমবাজার ঢোলের পাট থেকে দুরাচাপরি পালপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। এমনকি ওই রাস্তা দিয়ে যাতায়াত করাও বর্তমানে দুষ্কর হয়ে পড়েছে। তাই মাটির ওই রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স, যাত্রীবাহী টোটোও যেতে চায় না বলে অভিযোগ। ফলে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। একাধিকবার স্থানীয় প্রশাসনকে রাস্তা সারাইয়ের জন্য বলা হলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তাই দ্রুত রাস্তা সারাই না করা হলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে গ্রামবাসী।
এদিকে, এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে দিনহাটা-২ ব্লকের বিডিও নীতিশ তামাং আসেন সেখানে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিডিও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই অবরোধ উঠে যায়।
এপ্রসঙ্গে এলাকার বাসিন্দা বন্দনা সরকার বলেন, ‘রাস্তায় এতটাই খারাপ যে কোনও অ্যাম্বুল্যান্স এলাকায় ঢুকতে চায় না। যদি অসুস্থ রোগীর কিছু হয়ে যায়, তাহলে এর দায় কে নেবে?’
বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সদস্য রিঙ্কু বর্মন এনিয়ে বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ওই রাস্তার ১০০ মিটার অংশ ধরা রয়েছে।’ অন্যদিকে, দিনহাটা-২ ব্লকের বিডিও নীতিশ তামাং বলেন, ‘রাস্তার ১০০ মিটার অংশ বাদে বাকি অংশ তৈরির জন্য গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেওয়ার জন্য।’ পরবর্তীতে রাস্তার বাকি অংশের নির্মাণের জন্য রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে বলে তিনি জানান।
