কিশনগঞ্জ: বিহারে লাঘু হয়েছে নির্বাচনবিধি। আর এই সময়েই একটি নির্বাচনী সভায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে কিশনগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ বিধানসভা কেন্দ্রের মিম প্রার্থী তৌসিফ আলমের বিরুদ্ধে। টাকা বিতরণের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিহারের রাজনৈতিক মহলে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত মিম প্রার্থী তৌসিফ আলমের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিরোধীরা। জেলাশাসক সন্দীপ কুমারের নির্দেশে বাহাদুরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি নির্বাচনী জনসভায় তৌসিফ আলমের উপস্থিতিতে ওনার সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরন করছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর, বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছে মিম প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে জেলাশাসক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই বাহাদুরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাচন সেলের পক্ষ থেকে বাহাদুরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এই মর্মে অভিযুক্তের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
