দিনহাটা: গত কয়েক মাসে ১৮ থেকে ২৫ বছর বয়সি অন্তত বারোজন তরুণকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। কম সময়ে বেশি পরিমাণ অর্থ উপার্জনের লোভে তরুণরা এই গাঁজা পাচারচক্রে জড়িয়ে পড়ছে বলে পুলিশের ধারণা। তদন্তে উঠে আসছে শুধুমাত্র স্থানীয় এলাকায় নয়, ট্রেনের মাধ্যমেও চলছে গাঁজা পাচার। তরুণরা কখনও যাত্রী সেজে, কখনও বা পণ্য পরিবহণের অছিলায় এক এলাকা থেকে অন্য এলাকায় গাঁজা পাচার করছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক কয়েকটি অভিযানে একাধিক তরুণকে গাঁজা সহ আটক করা হয়েছে। রেলপথ এখন গাঁজা পাচারের অন্যতম ‘নিরাপদ রুট’। তরুণদের এইভাবে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার প্রসঙ্গে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, ‘যাদের বিরুদ্ধে গাঁজা পাচারের প্রমাণ পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। কিন্তু আমরা চেষ্টা করি, সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গ্রেপ্তার না করতে। আমরা তরুণদের থানায় ডেকে বোঝানোর চেষ্টা করি যাতে তারা পরবর্তীতে আইনবিরোধী কোনও কাজ না করে।’
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ৩০ অগাস্ট সাহেবগঞ্জের গর্ভডাঙ্গা এলাকা থেকে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে গাঁজা পাচারকারী তরুণ বাইকে করে পালিয়ে যায়। ৪ সেপ্টেম্বর, দিনহাটার রাখালমারি এলাকার বিমল রায় নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশ ২৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। ২১ সেপ্টেম্বর চৌধুরীহাট নাগরের বাড়ি এলাকার সাদি আলির কুঠি থেকে একটি মোটরবাইক থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় আলমগির শেখ ও খচ্চর উদ্দিন নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। ৯ অক্টোবর, শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের সেওটি-১ এলাকায় পায়েল হোসেন নামে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ৩৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। বুদ্ধিজীবী মহলের মতে, এই গাঁজা পাচারচক্রের মূল মাথারা পরিকল্পিতভাবে বেকার ও অশিক্ষিত তরুণদের টার্গেট করছে। আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংকট মোকাবিলার প্রধান উপায় বলে তাঁদের ধারণা।
এর পাশাপাশি গ্রামীণ এলাকায় গোপনে গাঁজা চাষও প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এলাকার বাইরের লোকেরা স্থানীয় জমি ইজারা নিয়ে রাতের অন্ধকারে গাঁজা চাষের কাজ চালাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। একাধিক খেত থেকে গাঁজা গাছ ধ্বংস করা হলেও প্রকৃত মালিকদের শনাক্ত করা যাচ্ছে না। বিশেষ করে গোসানিমারি-১, গোসানিমারি-২, ৫৩৭ সিঙ্গিমারি এলাকায় গাঁজা চাষের প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
