শিলিগুড়ি: মদ্যপ বাবার নিত্যদিনের অত্যাচার সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিল ছেলে। শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার কলমজোতে শিলনোড়ার আঘাতে প্রাণ হারালেন ৫৮ বছর বয়সী খসরু ওঁরাও। এই ঘটনায় পুলিশ তাঁর ছোট ছেলে অজয় ওঁরাওকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ঠিক কী ঘটেছিল মঙ্গলবার রাতে? স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত খসরু ওঁরাও পেশায় চা শ্রমিক ছিলেন। অভিযোগ, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও ছেলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত মঙ্গলবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। বাড়িতে ঢুকেই তিনি স্ত্রী ও অজয়ের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। সেই সময় বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অজয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে হাতের কাছে থাকা শিলনোড়া দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে সে।
রক্তাক্ত অবস্থায় খসরু জ্ঞান হারালে অজয় বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। অজয়ের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ রাতেই অজয়কে গ্রেপ্তার করে।
এলাকার বাসিন্দা মালতী মাহাতো জানান, ওই বাড়িতে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। মাঝেমধ্যে প্রতিবেশীরা গিয়ে ঝামেলা মেটাতেন। খসরুর বড় ছেলে বিজয় ওঁরাও আক্ষেপের সুরে বলেন, “অশান্তির জেরে বাবা শেষ হয়ে গেল, আর ছোট ভাই জেলে। গোটা সংসারটাই তছনছ হয়ে গেল।” ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন খসরুর স্ত্রী, বর্তমানে তিনি বড় মেয়ের বাড়িতে রয়েছেন।
