উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার উত্তরকন্যায় জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, ‘২০০২ সালে একবার এসআইআর হয়েছিল, তখন ২ বছর সময় লেগেছিল, ২-৩ মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা। আপনি ২ বছরের খাওয়া একদিনে খেতে পারবেন। এটা কোর্টে পেন্ডিং আছে।’
এসআইআর মামলা শীর্ষ আদালতে বিচারাধীন থাকায় এনিয়ে খুব বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী, তবে তিনি স্পষ্ট করেন, ‘বিজেপিকে সন্তুষ্ট করতে ২-৩ মাসে এসআইআর করা সম্ভব নয়। এতে অন্তত ২ ৩ বছর সময় লাগবে।’ মমতা বলেন, ‘৩ প্রাক্তন নির্বাচন কমিশনার এই বিষয়ে তাদের মতামত স্পষ্ট করেছেন। আমার মনে হয় তাদের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনের বিজেপির কথায় নীতি ঠিক করা উচিত নয়।’
অন্যদিকে নির্বাচন কমিশন (Election Fee) সূত্রে খবর, আগামী অক্টোবর মাসেই দেশজুড়ে শুরু হবে এসআইআরের কাজ। এনিয়ে অনেকদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু এনিয়ে দিনক্ষণ স্পষ্ট ছিল না। তবে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে সব রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে এসআইআরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, বিহারের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার আগেই দেশজুড়ে এসআইআরের ঘোষণা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
