দিনহাটা: কোথাও লাইসেন্স নেই, কোথাও আবার রোগীদের সহায়তার জন্য নেই হেল্প ডেস্ক। শনিবার আচমকাই দিনহাটা শহরের একাধিক ল্যাব, পলিক্লিনিক ও নার্সিংহোম ঘুরে এমন অসংগতি পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি। এদিন তিনি ছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রনজিৎ মন্ডল। এদিন সবার প্রথমে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন। এরপরে হঠাৎই বেরিয়ে পড়েন শহরের ল্যাব গুলির পরিকাঠামো খতিয়ে দেখতে। এদিন প্রথমে বোর্ডিং পাড়ার দুটি ল্যাবে যান তিনি, এরপর তৃতীয় ল্যাবে গিয়ে লক্ষ করেন, সেই ল্যাবের লাইসেন্স পুনর্নবীকরণ করা নেই। আর এরপরেই সেই ল্যাব মালিককে কাগজপত্র নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে যেতে বলা হয়।
এদিন শহরের একাধিক পলিক্লিনিকও ঘুরে দেখেন তিনি। যদিও এদিন একটি পলিক্লিনিকেরও লাইসেন্স পাওয়া যায়নি। আর এরপরেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের পলিক্লিনিকের পৃথক লাইসেন্সের জন্য নিয়ম মেনে আবেদন করতে বলেন। পাশাপাশি এদিন শহরের দুটি নার্সিংহোম পরিদর্শন করে এই টিম। সেখানে গিয়ে রোগীদের সাথে কথাও বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড নার্সিংহোমে নেওয়া হচ্ছে কি না, সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এদিন অবশ্য মদনমোহন বাড়ি এলাকার এক নার্সিংহোমে গিয়ে রোগীদের জন্য হেল্প ডেস্ক না থাকায় ক্ষোভ দেখান মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি। এই বিষয়ে তৎক্ষনাৎ নার্সিংহোম মালিককে সাবধানও করে দেন তিনি।
