উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ বছর ‘চুপ করে থাকার’ পরামর্শ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার খড়গপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, গত ১৫ বছরে যে কাজ করেছেন, তার ‘পুরস্কার’ এখন পাচ্ছেন। মানুষের কাছে অপরাধ স্বীকার করে তাঁকে প্রায়শ্চিত্ত করার পরামর্শও দিয়েছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের দাবি, বর্তমানে জনরোষের ভয়ে তৃণমূলের বহু নেতা ও জনপ্রতিনিধি প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “রাস্তায় বেরোলে এখন ‘চোর’ শুনতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে উপলব্ধি করা উচিত তিনি কী করেছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাম্প্রতিক দলীয় সভায় সদস্যদের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন মন্ত্রী।
রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কার্যালয়গুলিতে জনপ্রতিনিধিদের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে এদিন চরম ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভোট লুটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বলেই সাধারণ মানুষের রোষের ভয়ে অনেকে অফিসে আসছেন না। তবে এই পরিস্থিতির জন্য প্রশাসনিক কাজ কোনোভাবেই থমকে থাকবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
দিলীপ ঘোষ জানিয়েছেন, যেসব জায়গায় প্রধান বা সভাপতিরা কাজে যোগ দিচ্ছেন না, সেখানে সরকারি আধিকারিকদের মাধ্যমেই যাবতীয় প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়া হবে। প্রয়োজনে সরকার এই বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করবে বলেও তিনি জানিয়েছেন।
