জলপাইগুড়ি: স্কুলে পঠনপাঠন চলাকালীন হঠাৎই শ্রেণিকক্ষের ভিতর ঢুকে পড়ল একটি বিষধর গোখরো সাপ। প্রায় সাড়ে চার ফুট লম্বা ওই সাপটিকে ঘিরে ধূপগুড়ির (Dhupguri) একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় ধরে চরম আতঙ্ক বজায় থাকে। পরে পরিবেশপ্রেমীদের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার (Rescue) করা সম্ভব হয়।
বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বোরাগাড়ি ১নং বিএফপি প্রাথমিক স্কুলে নিয়মিত ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই বাইরে থেকে একটি গোখরো সাপ শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে পড়ে। সাপটিকে দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে খুদে পড়ুয়ারা। ভয়ে চিৎকার করতে করতে তারা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে।
ছাত্রছাত্রীদের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান এবং তৎক্ষণাৎ পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে পাশের ঘরে নিয়ে যান। এদিকে, শ্রেণিকক্ষের এক কোণে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে সাপটি (Snake)। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষককরা ওই শ্রেণিকক্ষের দরজায় তালা বন্ধ করে বাইরে থেকে পাহারা দিতে থাকেন। সাপটি কখনও তৃতীয়, আবার কখনও চতুর্থ শ্রেণির ক্লাসরুমে ঘোরাফেরা করায় স্কুলের পঠনপাঠন সম্পূর্ণ ব্যাহত হয়।
খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে উদ্ধার করেন। জানা যায়, উদ্ধার হওয়া গোখরো সাপটি প্রায় সাড়ে চার ফুট লম্বা ছিল। সাপটি উদ্ধারের পরই শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফেরে। পরবর্তীতে সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তবে ভরদুপুরে স্কুলের ক্লাসরুমে বিষধর সাপ ঢুকে পড়ার এই ঘটনায় অভিভাবক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

