Dharmendra Pradhan | ‘রাজনৈতিক ফায়দা তুলতে পড়ুয়াদের হাতিয়ার করছে!’, রাহুলকে একহাত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Dharmendra Pradhan | ‘রাজনৈতিক ফায়দা তুলতে পড়ুয়াদের হাতিয়ার করছে!’, রাহুলকে একহাত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি (CJP Protest)। আর এই বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের দমনপীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস (Congress)। এবার এই ঘটনার তীব্র নিন্দা করে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর অভিযোগ, ছাত্রকল্যাণে কোনও সমাধানসূত্র খোঁজার পরিবর্তে রাহুল গান্ধি ও কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলতে এই আন্দোলনকে হাতিয়ার করেছে।

এক্স হ্যান্ডেলের এক পোস্টে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেন, সরকার সংসদে নিট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও রাহুল গান্ধি ও কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাঁর কথায়, ‘পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস।’ তিনি আরও লেখেন, ‘বিরোধীদের উদ্দেশ্য কখনই পড়ুয়াদের জন্য সমাধান খোঁজা ছিল না, বরং রাজনৈতিক শিরোনাম তৈরির জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল লক্ষ্য।’ ধর্মেন্দ্রর মতে, গণতান্ত্রিক বিতর্কের চেয়ে রাজনৈতিক নাটকীয়তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিরোধীরা।

প্রসঙ্গত, গত সোমবার নিট পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ‘চলো সংসদ’ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের জেরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। এই সংঘর্ষে বহু পুলিশকর্মী ও বিক্ষোভকারী আহত হন। এই পুলিশি পদক্ষেপের প্রতিবাদেই মঙ্গলবার রাহুল গান্ধি, প্রিয়াংকা গান্ধি এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধী নেতারা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে অভিযান করেন এবং বিক্ষোভ দেখান। পরে দিল্লি পুলিশ তাঁদের আটক করলেও কিছু সময় পর মুক্তি দেয়।

এদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় এই ধরণের বিক্ষোভের তীব্র সমালোচনা করেছে সরকারি সূত্র। একে পরিপক্ব গণতন্ত্রের পরিপন্থী এবং গুরুতর নিরাপত্তা বিঘ্নকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং পড়ুয়াদের সুরক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্র সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামগ্রিক এই রাজনৈতিক তর্জায় সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই পারদ চড়েছে তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *