উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন পুজোয় পর্দায় ফিরছে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। যা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর এসবের মাঝেই সামনে এসেছে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন (Rumours)। সেসব প্রভাব ফেলছে আসন্ন ছবি ‘দেশু ৭’-এর প্রমোশনে (DeSu 7 promotion)। এমনটাই জানিয়েছেন দেব। অভিনেতা এও জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে তিনি সকলের সামনে শুভশ্রীর সঙ্গে কথা বলতেও নাকি ভয় পাচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘দেশু ৭’ নিয়ে প্রশ্ন করা হয় দেবকে। সে সময়ই দেব আক্ষেপের সুরে জানান, ছবির কনটেন্ট বা মেকিং গুরুত্ব হারাচ্ছে। পরিবর্তে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা চলছে (Private gossip)। তাঁর কথায়, ‘আমরা প্রোমোশনেই বেরোচ্ছি না। গেলেই এইসব প্রশ্ন, ডিভোর্স, বিচ্ছেদ নিয়ে আলোচনা করছে। বহু বছর পর বাংলা ছবির শুটিং হয়েছে লাদাখের মতো দুর্গম এলাকায়। দেব প্রথমবার এমন বিশাল ক্যানভাসের ছবি পরিচালনা করেছেন, এই দিকগুলো নিয়ে আলোচনার বদলে বারবার উঠে আসছে ব্যক্তিগত সম্পর্কের নানা কটূক্তি ও ডিভোর্সের গুঞ্জন।’
সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণ স্পষ্ট করে অভিনেতা বলেন, ‘একসময়ে সম্পর্ক থাকলেও বর্তমানে আমরা শুধুই ভালো বন্ধু। কিন্তু সাধারণ মানুষের রিল বা ভিডিও বানানোর প্রবণতার কারণে শুভশ্রীর সঙ্গে জনসমক্ষে স্বাভাবিকভাবে কথা বলতেও ভয় পাচ্ছি।’ একটি সাধারণ আলিঙ্গন নিয়েও যেভাবে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া চলে, তাতে চাইলেও আর সহজ থাকা যায় না বলে মন্তব্য করেন দেব।
প্রসঙ্গত, দুই প্রাক্তন ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করায় নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। একইসঙ্গে রাজ-শুভশ্রীর দাম্পত্য জীবন নিয়েও নানা গুঞ্জন রটেছিল। তবে ছেলে ইউভানের জন্মদিনে পরিচালক রাজ চক্রবর্তীর আবেগঘন পোস্ট সব জল্পনায় জল ঢেলে দিয়েছে। যদিও ব্যক্তিগত জীবনের এই সমস্ত বিতর্ক ও প্রমোশনের জটিলতা কাটিয়ে ছবির সাফল্যে যথেষ্ট আশাবাদী দেব ও শুভশ্রী দুজনেই। সব জল্পনার অবসান ঘটিয়ে পুজোয় বড়পর্দায় দেব-শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

