Cooch Behar | রাতের অন্ধকারে তাণ্ডব! মাথাভাঙ্গায় তৃণমূল নেতা সহ সাতটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার: রাজনৈতিক হিংসার জের! শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Cooch Behar) জেলার মাথাভাঙ্গা (Mathabhanga) ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকা। গভীর রাতে হানা দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি সুলতান মিয়াঁ এবং তাঁর ভাই সহ মোট সাতটি বাড়িতে একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রাত আনুমানিক বারোটা নাগাদ প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দুষ্কৃতীদল হঠাৎই ওই এলাকায় চড়াও হয়। নিমেষের মধ্যে তারা বাড়িগুলোর ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করে। বসতঘরের আসবাবপত্র তো বটেই, এমনকি বাড়ির সামনে রাখা বেশ কয়েকটি বাইকও সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু ভাঙচুর চালিয়েই ক্ষান্ত থাকেনি ওই দুষ্কৃতীরা। বরং ঘর থেকে নগদ এবং সোনার অলংকার লুট করে নিয়ে চম্পট দেয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকার অপরাধেই তাঁদের ওপর এই পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছে আক্রান্ত পরিবারগুলি। গভীর রাতের এই আকস্মিক হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঠিক কী কারণে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই পরিবারগুলির নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বেড়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

The put up Cooch Behar | রাতের অন্ধকারে তাণ্ডব! মাথাভাঙ্গায় তৃণমূল নেতা সহ সাতটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *