উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসক সহ মোট ৪৮ জনকে জেরা করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। বিস্ফোরণে অভিযুক্তদের মদত জোগানোর অভিযোগে গত বুধবার আল ফালাহর এক ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
তদন্তকারীদের একটি সূত্রের দাবি, যে সমস্ত চিকিৎসক বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, চিন এবং পাকিস্তানে এমবিবিএস করেছেন এবং বর্তমানে দিল্লির হাসপাতালগুলিতে কর্মরত, তাঁদের চিহ্নিত করে তথ্য প্রস্তুত রাখতে রাজধানীর সমস্ত বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাগুলির তরফে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। হাসপাতালগুলিতে কর্মরত চিকিৎসকদের লকারেও তল্লাশি চলছে।
