Darjeeling | স্থানান্তরের সংকটে দার্জিলিংয়ের মহাকাল মার্কেট, অপেক্ষায় দিন গুনছেন ব্যবসায়ীরা

Darjeeling | স্থানান্তরের সংকটে দার্জিলিংয়ের মহাকাল মার্কেট, অপেক্ষায় দিন গুনছেন ব্যবসায়ীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রণজিৎ ঘোষ, দার্জিলিং: কেউ যদি দার্জিলিং (Darjeeling) গিয়ে থাকেন, তাহলে ম্যালের চৌরাস্তায় তিনি নিশ্চই মহাকাল মার্কেট দেখে থাকবেন। সেখান থেকে গরমের পোশাক বা ঘর সাজানোর কিছু জিনিস না কিনে ফিরেছেন এমন পর্যটক পাওয়া দুষ্কর। কিন্তু পর্যটকদের অতিপরিচিত, পছন্দের এই মহাকাল মার্কেট কয়েক বছর আগে এখান থেকে সরিয়ে ভানু ভবনে বসানো হয়েছে। সেখানে স্থায়ী মার্কেট কমপ্লেক্স এবং পার্ক তৈরির কাজ চলছে। চিরপরিচিত বাজার সরে যাওয়ায় পর্যটকরা যেমন হতাশ, ঠিক তেমনই ব্যবসায়ীরাও। ম্যালে বাজার থাকায় যতটা নজর কাড়ত, ভানু ভবনে পর্যটকরা সেভাবে না যাওয়ায় বিক্রিও অনেকটাই কমে গিয়েছে।

দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরীর অবশ্য বক্তব্য, ‘এখনও প্রচুর পর্যটক ভানু ভবনের অস্থায়ী বাজারে গিয়ে কেনাকাটা করেন। ব্যবসা খারাপ হওয়ার কথা নয়।’ তিনি আরও বলেন, ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) আর্থিক সহায়তায় নতুন কাজ করা হচ্ছে। জুন, জুলাই মাস নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। তার পরেই ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসন দেওয়া হবে।’

ম্যালের চৌরাস্তা থেকে ভানু ভবনের দিকে যাওয়ার রাস্তার বাঁদিকে দীর্ঘদিন ধরে গরম পোশাক বিক্রেতাদের একটি বাজার ছিল। এটি মহাকাল মার্কেট নামে পরিচিত। এখানে প্রায় ১৭৫ জন ব্যবসায়ী, বিশেষ করে স্থানীয় মহিলাদের দোকানই বেশি ছিল। সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি থেকে শুরু করে স্থানীয় রীতির বিভিন্ন প্রসাধনী সামগ্রীও এই বাজারে বিক্রি হত। দিনরাত এই বাজারে দেশ–বিদেশের পর্যটকদের ভিড় লেগে থাকত। এই বাজারের জনপ্রিয়তা দেখে ম্যাল থেকে মহাকাল মন্দির যাওয়ার রাস্তাতেও স্থানীয় বিভিন্ন গ্রামের মহিলারা ব্যবসার পসরা সাজিয়ে বসতে শুরু করতেন। এই বাজারটিও মহাকাল মার্কেট-২ নাম দেওয়া হয়েছিল। কিন্তু গত বছর জি২০ শীর্ষ সম্মেলনে আসা দেশ-বিদেশের অতিথিদের স্বাগত জানাতে দার্জিলিংয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই অতিথিরা যাতে স্বচ্ছন্দে শৈলশহরে ঘুরতে পারেন সেইজন্য প্রথমে রাস্তার পাশে থাকা মহাকাল মার্কেট-২ সরিয়ে দেওয়া হয়। সেখানকার প্রায় ১৫০ জন ব্যবসায়ীকে ভানু ভবনে অস্থায়ীভাবে বসানো হয়েছে। এর কিছুদিন পরেই ম্যালের পুেরানো মহাকাল মার্কেটের ব্যবসায়ীদেরও ভানু ভবনে স্থানান্তরিত করে সেখানে নতুন স্থায়ী বাজার তৈরির কাজ শুরু হয়েছে।

ভানু ভবনে পৌঁছে দেখা গেল বেলা ১২টার পরেও অধিকাংশ দোকানের ঝাঁপ খোলেনি। ব্যবসায়ী সুষমা তামাং বললেন, ‘এক বছরের বেশি হল এখানে আমাদের বসানো হয়েছে। সেই সময় থেকেই বিক্রি নেই। পর্যটকরা ম্যাল ছেড়ে এখানে আসতে চান না। ফলে আমাদের ব্যবসা পুরো মাটি হয়ে গিয়েছে।’ অপর ব্যবসায়ী রাজেশ ছেত্রীর কথায়, ‘বলেছিল এক বছরের মধ্যে ম্যালের মার্কেট তৈরি হয়ে যাবে। কিন্তু সময় পেরিয়ে গিয়েছে, এখনও আমাদের নতুন দোকান দেওয়া হল না।’

জিটিএ জানিয়েছে, এই বাজার তৈরির জন্য আট কোটি টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পের অধীনে ম্যাল থেকে ভানু ভবন যাওয়ার রাস্তার বাঁদিকের পাহাড়ি ঢালে বাজার তৈরি হবে এবং সেটির ওপরে সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে। বর্তমানে সেই কাজ চলছে।

জিটিএ জানিয়েছে, নির্মীয়মাণ বাজারে প্রায় ৩০০ ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হবে। বাজারের রুফটপের সৌন্দর্যায়নের জন্য সেখানে ফুল ও ফলের গাছ বসানো, বাহারি আলোর ব্যবস্থা এবং পর্যটকদের বসার জন্যও বিশেষ আয়োজন থাকছে। এই প্রকল্প পর্যটকদের ভীষণ পছন্দসই হবে বলে জিটিএ’র পর্যটন বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর সামদেন ডুকপা জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *