Dakshin Dinajpur College | পরিকাঠামো দুর্বল, তবু রেকর্ড ভর্তি, আশার আলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে

Dakshin Dinajpur College | পরিকাঠামো দুর্বল, তবু রেকর্ড ভর্তি, আশার আলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে

ব্লগ/BLOG
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: দুর্বল পরিকাঠামো শোধরানোর আবেদনে রাজ্যের কোনও সাড়া নেই। উপাচার্য ছাড়া নেই কোনও স্থায়ী কর্মী বা অধ্যাপকও। স্থায়ী ভবন তো নেই, এমনকি বিকল্প ভবনও জোগাড় করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এত হতাশার মধ্যেও, শুধুমাত্র পঠনপাঠন ও ম্যানেজমেন্ট দিয়েই পড়ুয়াদের আকৃষ্ট করার চেষ্টা করছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় (Dakshin Dinajpur College) কর্তৃপক্ষ। একটি বেসরকারি বিএড কলেজের পরিত্যক্ত হস্টেলে এই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বর্তমানে চালু থাকলেও, এবারে রেকর্ড সংখ্যক পড়ুয়া ভর্তি করিয়ে নজর কাড়ল কর্তৃপক্ষ। ইংরেজি, অঙ্ক ও রাষ্ট্রবিজ্ঞানে ৫০টি আসন থাকলেও, এবছর ১৬০ জন পড়ুয়া এই তিন বিভাগ মিলে ভর্তি হয়েছে। যার মধ্যে ইংরেজি বিভাগে বিশেষ অনুমতি সাপেক্ষে ৭০ জন ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ুয়াদের এই আগ্রহে হাজার হতাশার মধ্যেও, আশার আলো দেখছে কর্তৃপক্ষ।

জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়কে গুছিয়ে তুলতে চেষ্টা করে চলেছেন উপাচার্য প্রণব ঘোষ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত উপাচার্যর সময়ের বঞ্চনা, স্থায়ী উপাচার্য নিয়োগের পরেও বর্তমান। ভবন নির্মাণের জন্য অর্থের বরাদ্দ চেয়ে চিঠি বা বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকাঠামো উন্নয়নের অনুমোদন চেয়ে চিঠি শিক্ষা দপ্তরে পাঠানো হলেও কোনও সাড়া মেলেনি আজ পর্যন্ত। এমনকি নতুন বিষয় চালুর অনুমোদন চেয়ে বারবার চিঠি দিয়েও সাড়া মেলেনি। সোমবার ফের রাজ্য সরকারকে ই-মেল করেছেন উপাচার্য। এবার বিকল্প অস্থায়ী ভবনের আবেদন জানিয়েও চিঠি দিয়েছেন উপাচার্য। তবে এই চিঠিগুলোরও উত্তর পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে খোদ উপাচার্যের মনেই। তবে তিনি এসব কথা না ভেবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পঠনপাঠনে বেশি জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘পরিকাঠামো নেই এটা সত্যি। কিন্তু আমরা তার মধ্যেই পঠনপাঠনে জোর দিয়েছি। পুজোর পরেই অন্য প্রতিষ্ঠানগুলোতে যখন অফিস শুধু খোলা রয়েছে, তখন আমাদের এখানে জোরকদমে পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। আমাদের পড়ুয়াদের প্রচুর ক্লাস করানো হচ্ছে।’ তাঁরা মাত্র তিনদিনের মধ্যে ফল প্রকাশও করে ফেলতে পারছেন। পড়ুয়াদের সমস্ত সমস্যায় তাঁরা পাশে থাকছেন। তাই এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তি হওয়ার আগ্রহ ক্রমেই বেড়ে যাচ্ছে বলে তিনি জানান।

চলতি শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কৃষ্ণা হালদার বলেন, ‘বাইরে পড়তে যাওয়া সম্ভব নয়। তাই বাড়ির কাছেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। খুব ভয়ে ভয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি স্কুলের মতো করে পড়াশোনা হচ্ছে। এই বিষয়টি আমাদের ভালো লাগছে। আর তাই বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আর ভয় নেই।’ কার্যত একই কথা শোনা যায় আরেক পড়ুয়া অঙ্কিতা কুণ্ডুর গলাতেও। তিনি বলেন, ‘স্থায়ী অধ্যাপক না থাকলেও, আমন্ত্রিত অধ্যাপকদের সংখ্যা অনেক। তাঁরা অত্যন্ত ভালো পড়াচ্ছেন। এজন্যই এখানে আমরা ভর্তি হয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *