রাজু হালদার, গঙ্গারামপুর: রাজ্যে তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর শনিবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেন। আর এরপর থেকে জেলাজুড়ে তৈরি হয়েছে এক অযথা বিতর্ক। জেলার কোথায় মেডিকেল কলেজটি হবে এই নিয়ে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ও গঙ্গারামপুর মহকুমার মানুষের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।
সোমবার গঙ্গারামপুরের (Gangarampur) বাসিন্দারা তাঁদের এলাকায় মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করলেন। এদিন দুপুরে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে ওই গণস্বাক্ষর কর্মসূচি করেন তাঁরা।
পাশাপাশি এদিন বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় গঙ্গারামপুর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে মেডিকেল কলেজের বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে আগামীদিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত গঙ্গারামপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ওই সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন দরকারে মেডিকেল কলেজের জন্য তাঁরা গণ আন্দোলন গড়ে তুলবেন।
এবিষয়ে গঙ্গারামপুর উন্নয়ন মঞ্চের সদস্য নিরুপম রায় বলেন, ‘জেলার মধ্যে গঙ্গারামপুর শহর ভৌগোলিকভাবে জেলার মধ্যভাগে অবস্থিত। গঙ্গারামপুর হাসপাতালে আমাদের জেলা ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর জেলা থেকেও অনের রোগী এখানে আসেন। তাই এখানে মেডিকেল কলেজ হলে সমস্ত জেলাবাসী সমানভাবে উপকৃত হবেন। এনিয়ে আমরা গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছি। এছাড়াও মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আবেদনও পাঠানো হচ্ছে।’
অন্যদিকে, গঙ্গারামপুর নাগরিক কমিটিও শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছে। এবিষয়ে সংগঠনের মুখপাত্র প্রাণগোপাল সাহার বক্তব্য, ‘বাম আমলে গঙ্গারামপুর থেকে মহকুমা অফিস, আদালত সহ আরও বেশ কিছু অফিস বুনিয়াদপুরে চলে গিয়েছে। তৃণমূল আমলে বিশ্ববিদ্যালয়টি গঙ্গারামপুরে হওয়ার জন্য জমি দেখা হলেও শেষ পর্যন্ত তা বালুরঘাটে চলে যায়। সবদিক থেকে গঙ্গারামপুরের মানুষজন বঞ্চিত। তাই এবার আমরা মেডিকেল কলেজটি আর অন্য কোথাও যেতে দেব না। দরকারে আমাদের দাবিকে বাস্তবায়ন করতে গণ আন্দোলনের পথে নামা হবে।’
এদিন গঙ্গারামপুর উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের কাছে তাঁদের দাবিপত্রটি তুলে দিয়ে গঙ্গারামপুরে মেডিকেল কলেজ গড়ে তোলার সপক্ষে সওয়াল করেন।
এব্যাপারে সুকান্ত মজুমদার জানালেন, জেলায় মেডিকেল কলেজ কোথায় হবে এনিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। উপযুক্ত সময়ে সরকার তা সিদ্ধান্ত নেবে।
