তমালিকা দে, শিলিগুড়ি: শীতের দুপুরে বাড়ির ছাদে বা বারান্দায় বসে উলকাটা হাতে মা-ঠাকুমাদের সোয়েটার, মাফলার বোনার দৃশ্য এক সময় হামেশা দেখা যেত। পুরোনো দিনের সেই নস্টালজিয়া আবার ফ্যাশন জগতে ফিরে এসেছে। জেন জেডদের হাত ধরে ক্রোশেট (Crochet) এখন বেশ ট্রেন্ডি। তবে শুধু জামাকাপড়ে নয়, হেয়ারব্যান্ড, মোবাইল কভার, হেয়ার ক্লিপ, বেল্টেও থাকছে ক্রোশেটের নিখুঁত কাজ। হাতে বোনা জিনিসের কদর আজও কমেনি। কলেজ ক্যাম্পাস থেকে শপিং মল সর্বত্রই চোখে পড়ছে তরুণীদের এই নতুন সাজ।
ফুল, ফল, আইসক্রিম, পশুপাখির নকশা করা বিভিন্ন ক্রোশেটের জিনিস দোকানে দেখা যাচ্ছে। অনেকে আবার অনলাইনে এই ক্রোশেটের জিনিস বিক্রি করে টাকা উপার্জন করছে। রবিবার গোর্খা হাটে গিয়ে চোখে পড়ে বিভিন্ন দোকানে এই জিনিস পাওয়া যাচ্ছে। অল্পবয়সিদের মধ্যে এগুলি কেনার ঝোঁক রয়েছে। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছিল শহরের একটি বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী হিয়া মজুমদার। গোর্খা হাটে ক্রোশেটের তৈরি সূর্যমুখী ফুল, স্ট্রবেরির মতো দেখতে হেয়ারক্লিপ দেখে হিয়া বলে, ‘ক্রোশেটের এই ধরনের অ্যাকসেসরিস আমার খুব পছন্দ।’ নিজের জন্য একটি হেয়ার ক্লিপ কেনে সে। পাশাপাশি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে বন্ধুদের জন্যও একটি করে ক্রোশেটের হেয়ার ক্লিপ কিনে নেয় হিয়া।
শিলিগুড়ি কলেজের চতুর্থ সিমেস্টারের ছাত্রী তিয়াসা সরকারের মতে, ‘জন্মদিন বা ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুদের ক্রোশেটের তৈরি বিভিন্ন জিনিস উপহার হিসেবে দেওয়া যায়।’
ক্রোশেটের ব্যাগগুলিও বেশ জনপ্রিয়। কোনওটি দেখলে মনে হবে যেন ফুল ভর্তি একটি টব। আবার কোনওটি দেখতে গোলাপ ফুলের মতো। এছাড়া ক্রোশেটের চাবির রিংগুলি ব্যাগে ঝোলালে দেখতে বেশ সুন্দর লাগে। হাতে তৈরি জিনিসের যেমন চাহিদা রয়েছে তেমনি দামও খুব একটা কম নয়। শ্রেঠ শ্রীলাল মার্কেটে ফ্যাশন অ্যাকসেসরিস বিক্রি করেন ধীমান পাল। তিনি বললেন, ‘ক্রোশেটের কানের দুল, চুড়ি, বেল্ট, হেয়ারব্যান্ড সবকিছু রয়েছে। এগুলির দাম শুরু হচ্ছে একশো টাকা থেকে। জিনিসগুলো মূলত উলের তৈরি হলেও তার মধ্যে পুঁতি, জড়ি এসবও ব্যবহার করা হয়। যে কোনও পোশাকের সঙ্গে এগুলি পরলে বেশ স্টাইলিশ লাগে।’
ফ্যাশন জগতে হাতে তৈরি জিনিসের চাহিদা বাড়ায় খুশি হস্তশিল্পীরা। অনেকে বাড়ি বসে স্যোশাল মিডিয়া মারফত ক্রোশেটের এই জিনিস তৈরির অর্ডার পাচ্ছেন। গোর্খা হাটে স্টল দেন প্রধাননগরের বাসিন্দা অনুষ্কা প্রধান। তাঁর কথায়, ‘সিনেমা থেকে ওয়েবসিরিজ সব জায়গায় এখন ক্রোশেটের জিনিস দেখা যায়। অনেকে প্রিয় অভিনেত্রীর মতো করে নিজেকে সাজিয়ে তুলতে চান। তাই কাস্টমাইজড জিনিসেরও অর্ডার পাচ্ছি।’

